ডিসেম্বরে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে WTL-এর পঞ্চম সিজন

ওয়ার্ল্ড টেনিস লিগ- এর পঞ্চম সিজন শুরু হতে চলেছে (WTL)। গত পাঁচ বছরে আন্তর্জাতিক টেনিসের একাধিক বড় তারকাকে একই মঞ্চে নিয়ে এসে ভারতের অন্যতম সফল টেনিস লিগ হিসেবে নিজেদের জায়গা তৈরি করেছে এই প্রতিযোগিতা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আয়োজকদের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আগামী ১৭ থেকে ২০ ডিসেম্বর বেঙ্গালুরুতে বসবে ওয়ার্ল্ড টেনিস লিগের পঞ্চম মরশুমের আসর। চার দিন ধরে চলবে এই টেনিস প্রতিযোগিতা। বেঙ্গালুরুর কেএসএলটিএ-র এস এম কৃষ্ণা টেনিস স্টেডিয়ামে মুখোমুখি হবেন বিশ্বের নামী টেনিস তারকারা এবং ভারতের সেরা খেলোয়াড়রা।

প্রতিযোগিতার গত পাঁচটি মরশুমেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল অন্যতম আকর্ষণ। আগের মরশুমগুলির সাফল্য ধরে রেখেই এবারও অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নতুন প্রতিভাদের সুযোগ দিতে চলেছে আয়োজকরা। গত মরশুমে খেলা বেশ কয়েকজন তারকাকে এবারও দেখা যাবে কোর্টে। তাঁদের মধ্যে রয়েছেন পাওলা বাদোসা, ইউকি ভামব্রি, সুমিত নাগাল, দক্ষিণেশ্বর সুরেশ, মায়া রাজেশ্বরন রেভতী এবং শ্রিবল্লী ভামিদিপতি।

ওয়ার্ল্ড টেনিস লিগের সহ-প্রতিষ্ঠাতা মহেশ ভূপতি জানিয়েছেন, গত মরশুমে আন্তর্জাতিক ও ভারতীয় খেলোয়াড়দের একসঙ্গে খেলতে দেখে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছিল। সেই সাফল্যকে সামনে রেখেই পঞ্চম মরশুমকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আরও বেশি দর্শকের কাছে পৌঁছনো এবং প্রতিযোগিতার জনপ্রিয়তা বাড়ানোই তাঁদের লক্ষ্য।

মহেশ ভূপতির কথায়, গত মরশুমে দেশ-বিদেশের প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ দেখা গিয়েছিল। দর্শকদের উৎসাহ এবং প্রতিযোগিতার পরিবেশ তাঁদের পরিকল্পনাকে আরও শক্তিশালী করেছে। এবার সেই ধারাকে এগিয়ে নিয়ে গিয়ে প্রতিযোগিতার মান আরও উন্নত করতে চান তাঁরা।

অন্যদিকে, ওয়ার্ল্ড টেনিস লিগের আর এক সহ-প্রতিষ্ঠাতা হেমালি শর্মা জানিয়েছেন, বেঙ্গালুরুতে প্রতিযোগিতা ফিরিয়ে আনতে পেরে তাঁরা খুশি। তাঁর মতে, শহরটির খেলাধুলোর প্রতি আগ্রহ এবং টেনিসের জনপ্রিয়তা এই প্রতিযোগিতার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে। এবারও বিশ্বের সেরা খেলোয়াড়দের পাশাপাশি ভারতের অভিজ্ঞ ও উঠতি প্রতিভারা অংশ নেবেন। দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই তাঁদের লক্ষ্য।

বিশ্বজুড়ে টেনিসের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি ভারতেও এই খেলার পরিকাঠামো ও প্রতিভার বিকাশ ঘটছে। সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক টেনিসকে ভারতীয় দর্শকদের আরও কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের নতুন খেলোয়াড়দের বিশ্বমঞ্চে তুলে ধরার কাজ করছে ওয়ার্ল্ড টেনিস লিগ।পঞ্চম সিজনে কোন কোন খেলোয়াড় এবং দল অংশ নেবে, তা আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে।