‘গোমাংস ভক্ষণকারী’র মা’! রণবীরকে নিয়ে কটাক্ষের কড়া জবাব ইন্দিরার

রণবীর কাপুরের ‘রাম’ চরিত্রে অভিনয় করার খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। ‘রামায়ণ’-এ রঘুনন্দনের ভূমিকায় তাঁকে মেনে নিতে আপত্তি জানিয়েছিলেন অনেকেই। কারও প্রশ্ন ছিল, অতীতে গোমাংস খাওয়া নিয়ে মন্তব্য করা একজন অভিনেতাকে কীভাবে রামের চরিত্রে দেখা যায়? আবার কারও মতে, ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে আগ্রাসী পুরুষের চরিত্রে অভিনয়ের পর রামের মতো সম্পূর্ণ ভিন্ন মেজাজের ভূমিকায় রণবীর কতটা মানানসই হবেন, তা নিয়ে সংশয় ছিল। তবে ছবির কাজ এগোনোর সঙ্গে সঙ্গে সেই বিতর্কের মধ্যেই এবার নতুন করে আলোচনায় উঠে এলেন অভিনেতা। গোমাংস ভক্ষণ সংক্রান্ত বিতর্কে রণবীরকে ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর পর্দার মা, অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণণ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ছবি মুক্তি পাওয়ার পরেও রণবীরের রাম-রূপ নিয়ে সমালোচনা থামেনি। অনেকেরই দাবি, অভিনেতার এতদিনের পর্দার ভাবমূর্তির সঙ্গে রামের শান্ত, সংযত ও নিষ্পাপ ব্যক্তিত্ব খাপ খায় না। এমনকী রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিলের সঙ্গেও তুলনা করা হয়েছে তাঁর। উল্লেখ্য, নতুন ‘রামায়ণ’-এ অরুণ গোভিলই দশরথের চরিত্রে রয়েছেন। এবার রণবীরকে ঘিরে ওঠা যাবতীয় কটাক্ষের জবাব দিলেন ছবিতে কৌশল্যার ভূমিকায় অভিনয় করা ইন্দিরা কৃষ্ণণ। এক সাক্ষাৎকারে তিনি জানান, রাম চরিত্রে রণবীরকে বেছে নেওয়ার খবর সামনে আসতেই অনেকের কাছ থেকে আপত্তিসূচক বার্তা পেয়েছিলেন তিনি। এমনও প্রশ্ন করা হয়েছিল, “আপনি কি তা হলে একজন গোমাংস ভক্ষণকারীর মায়ের চরিত্রে অভিনয় করছেন?” ইন্দিরার কথায়, সেই সময় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল।

বিতর্কের সূত্রপাত হয়েছিল ২০১১ সালের একটি পুরনো সাক্ষাৎকারকে ঘিরে। ‘রামায়ণ’-এর শুটিং চলাকালীন সেই সাক্ষাৎকারের কিছু অংশ নতুন করে ছড়িয়ে পড়ে। সেখানে রণবীর জানিয়েছিলেন, তাঁর গোমাংস খেতে ভাল লাগে। এরপর থেকেই সমাজমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় তীব্র কটাক্ষ। সেই কঠিন সময়ে কীভাবে পরিস্থিতি সামলেছিলেন অভিনেতা, তা জানালেন ইন্দিরা কৃষ্ণণ। তাঁর কথায়, “রণবীরকে নিয়ে তখন প্রচুর ট্রোলিং চলছিল। কিন্তু ও একবারও মুখ খোলেনি, কাউকে পালটা আক্রমণও করেনি। চুপচাপ সেটে আসত এবং নিজের সেরাটা দিয়ে শুটিং করত। আমার মনে হয়, যারা ওকে আক্রমণ করছিল, তাদের মধ্যে অনেকে টাকার বিনিময়েই এসব করেছিল। কেউ কেউ হয়তো ভেবেছিল, ‘রামায়ণ’ সফল হবে না।” ইন্দিরা আরও জানান, ছবিতে কৌশল্যার চরিত্রে তাঁকে নেওয়ার জন্য নির্মাতাদের কাছে নিজেই তাঁর নাম প্রস্তাব করেছিলেন রণবীর কাপুর।