মহাকাশে নতুন জোট ভারত-ব্রাজিল!

মহাকাশ গবেষণায় ভারত-ব্রাজিলের দীর্ঘদিনের বন্ধুত্ব এবার পৌঁছতে চলেছে নতুন উচ্চতায়। অন্তত ১০০ কেজি ওজনের উপগ্রহ ‘লো আর্থ অরবিট’-এ পৌঁছে দিতে সক্ষম নতুন উৎক্ষেপণযান তৈরির পরিকল্পনা করেছে দুই দেশের মহাকাশ সংস্থা ও বেসরকারি সংস্থা। লক্ষ্য, তুলনামূলক কম খরচে মহাকাশে উপগ্রহ পাঠানোর সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যিক মহাকাশ বাজারে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার করা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ব্রাজিলের সংবাদমাধ্যম Brasil 247 জানিয়েছে, গত অক্টোবরে এ বিষয়ে একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হয়েছে। ব্রাজিলের ‘মাইক্রো লঞ্চার প্রোগ্রাম’-এর কনসোর্টিয়ামের সদস্য Concert Technologies এবং ভারতের মহাকাশ-স্টার্টআপ Skyroot Aerospace-এর মধ্যে এই চুক্তি হয়েছে। ২০২৬ সালের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে তুরস্কের আন্তালিয়ায় চুক্তিতে সই করেন Concert Space-এর সিইও রাফায়েল মর্দেন্তে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের সেনেটর তথা প্রাক্তন মহাকাশচারী মার্কোস পন্তেস এবং ব্রাজিলিয়ান স্পেস এজেন্সির প্রেসিডেন্ট মার্কো আন্তোনিয়ো শামোঁ।

প্রস্তাবিত রকেটটি ব্রাজিলের ৪০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম মাইক্রোলঞ্চার প্রকল্প এবং Skyroot-এর তুলনামূলক বড় ‘বিক্রম’ রকেট পরিবারের মধ্যে একটি সেতু তৈরি করবে। বিষুবরেখা সংলগ্ন অঞ্চল থেকে উৎক্ষেপণের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

হায়দরাবাদের Skyroot Aerospace ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালে ‘বিক্রম-এস’ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে রকেট পাঠানো প্রথম ভারতীয় বেসরকারি সংস্থা হিসেবে নজির গড়ে তারা। পরবর্তী কালে ২০২৬ সালের জুলাইয়ে ‘বিক্রম-১’-এর অরবিটাল উৎক্ষেপণও বেসরকারি মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতি স্পষ্ট করে।

দুই বছরের MoU-তে প্রযুক্তিগত প্রয়োজন, বাণিজ্যিক সম্ভাবনা এবং উপগ্রহ ব্যবস্থা ও লো আর্থ অরবিটে নক্ষত্রপুঞ্জ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। তবে বিনিয়োগ, যন্ত্রাংশ সরবরাহ ও বাণিজ্যিকীকরণের জন্য পৃথক চুক্তি প্রয়োজন হবে।

ভারত-ব্রাজিলের মহাকাশ সহযোগিতার ইতিহাস দুই দশকেরও বেশি পুরনো। ভারতীয় উৎক্ষেপণযান ব্যবহার করে ব্রাজিলের ‘আমাজোনিয়া-১’ উপগ্রহ উৎক্ষেপণ সেই সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন উদ্যোগ সেই সহযোগিতাকেই বেসরকারি মহাকাশ শিল্পের হাত ধরে আরও বিস্তৃত করার ইঙ্গিত।