কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর জীবন ও রাজনৈতিক পথচলা এবার পর্দায়! তাঁর আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’ অবলম্বনে তেলেগু ভাষায় পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরির ঘোষণা করলেন তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি। বৃহস্পতিবার সাঙ্গারেড্ডিতে কংগ্রেসের কর্মিসভায় এই ঘোষণা করেন তিনি। ছবি তৈরির জন্য দলীয় নেতা-কর্মীদের আর্থিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন জগ্গা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ছবির প্রযোজনায় ইতিমধ্যেই ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সাঙ্গারেড্ডি কেন্দ্রের কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেইলু। ছবি তৈরির প্রাথমিক কাজ এগিয়ে নিতে ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি। সেই কমিটির তত্ত্বাবধানে থাকবেন গান্ধী ভবনের জনসংযোগ আধিকারিক হরিপ্রসাদ।
কংগ্রেস কর্মীদের উদ্দেশে জগ্গার বার্তা, নির্বাচনের সময়ে যেমন খরচ করেন, এটিকেও তেমনই দলের কাজ হিসেবে দেখুন। প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে ভাল পরিচালক বাছাই করার কথাও বলেন তিনি। প্রস্তুতি শেষ হলে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌড়কে দিয়ে ছবির শুটিংয়ের উদ্বোধন করানো হবে বলে জানান জগ্গা।
সোনিয়ার জীবনের বিভিন্ন অধ্যায় ছবিতে তুলে ধরার পরিকল্পনা হয়েছে। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ হওয়া থেকে রাজীব গান্ধীর স্ত্রী, পরে রাহুল ও প্রিয়ঙ্কার মা—পরিবারের নানা অধ্যায়ের পাশাপাশি ইন্দিরা ও রাজীবের হত্যার পরের কঠিন সময়ও থাকবে ছবিতে। রাজনীতিতে সোনিয়ার উত্থান এবং নিজের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার কাহিনিও তুলে ধরার কথা।
সোনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রত্যাখ্যানের ঘটনাকেও ছবির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখাতে চান জগ্গা। তাঁর দাবি, রাজীবের মৃত্যুর পর পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হলেও সোনিয়া সেই পদ নিয়ে আগ্রহ দেখাননি। পরে ইউপিএ ক্ষমতায় আসার পর কংগ্রেসের নেতারা তাঁকে প্রধানমন্ত্রী হতে অনুরোধ করলেও তিনি রাজি হননি। বরং মনমোহন সিংহকে সেই দায়িত্ব নেওয়ার সুযোগ দিয়েছিলেন।
কংগ্রেস নেতার আরও দাবি, মনমোহন, রাহুল ও সোনিয়ার ভাবনা থেকেই মনরেগা প্রকল্পের ভিত্তি তৈরি হয়েছিল। দলীয় কর্মীদের সোনিয়ার আত্মজীবনী পড়ানোর জন্য বইয়ের কপি কিনে বিতরণের উদ্যোগও নেওয়া হবে।