বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! বিপাকে ব্যবহারকারীরা

মাইক্রোসফটের একাধিক পরিষেবা আচমকাই বিশ্বজুড়ে বিপর্যস্ত। এর জেরে সমস্যায় পড়েছেন প্রায় ৪৩ কোটি ব্যবহারকারী। মাইক্রোসফট টিমস, আউটলুক এবং সংস্থার এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট-সহ একাধিক পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন গ্রাহকরা। শুধু তাই নয়, মাইক্রোসফট ৩৬৫-এর অধীনে থাকা ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, শেয়ারপয়েন্ট এবং ওয়ানড্রাইভেও দেখা দিয়েছে সমস্যা। ভারত, অস্ট্রেলিয়া, তাইওয়ান-সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই বিভ্রাটের কথা জানিয়েছেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

পরিষেবা স্বাভাবিক করতে কাজ শুরু করেছে মাইক্রোসফট। তবে সংস্থার দাবি, মেরামতির কাজ এখনও পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না। সমস্যার নির্দিষ্ট কারণও এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। সাম্প্রতিক আপডেটের পরেও একসঙ্গে বিপুল সংখ্যক ব্যবহারকারী পরিষেবা ব্যবহার করতে যাওয়ায় সার্ভারের উপর চাপ বাড়ছে। ফলে সমস্যা পুরোপুরি মেটানো যাচ্ছে না। মাইক্রোসফট জানিয়েছে, সার্ভারের ক্ষমতা বাড়াতে ভার্চুয়াল মেশিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। পাশাপাশি, নেটওয়ার্কের সমস্যাযুক্ত মেশিনগুলিকে নতুন করে সিঙ্ক করার কাজও চলছে। এর মাধ্যমে পরিষেবা যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করছে সংস্থা। তবে কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি ঠিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের বেশ কিছু সার্ভার এখনও সমস্যার মধ্যে আটকে রয়েছে। এর ফলে নেটওয়ার্কে করা পরিবর্তনগুলি ঠিকমতো সব সার্ভারে পৌঁছচ্ছে না। সমস্যা সমাধানে যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে, সেগুলি কতটা কার্যকর হচ্ছে, তা নিয়মিত খতিয়ে দেখছে সংস্থা। সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তনও করা হবে। এই পরিষেবা বিভ্রাটের জেরে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারী প্রায় ৪৩ কোটি মানুষ সমস্যায় পড়েছেন বলে অনুমান করা হচ্ছে। এই পরিষেবার মধ্যেই রয়েছে আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ফরচুন ৫০০ তালিকাভুক্ত সংস্থাগুলির ৯০ শতাংশেরও বেশি কোপাইলট ব্যবহার করে।

মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক অ্যাপ অচল হয়ে পড়ায় দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে সংস্থা। এই বিভ্রাটের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের সরকারি দপ্তর, বাণিজ্যিক সংস্থা এবং সাধারণ ব্যবহারকারীদের উপর। গত বৃহস্পতিবার, ১২ নভেম্বর, আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ প্রথম সমস্যার কথা সামনে আসে। উত্তর আমেরিকায় মাইক্রোসফট টিমস ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানায় সংস্থা। এরপরই একের পর এক ব্যবহারকারী ইমেল খুলতে না পারা, মেল পাঠানো ও গ্রহণ করতে সমস্যা হওয়া এবং ইনবক্স লোড না হওয়ার অভিযোগ জানান।ইন্টারনেটের বিভিন্ন পরিষেবায় কোথায় কতটা সমস্যা হচ্ছে, তার হিসাব রাখে ডাউনডিটেক্টর নামে একটি ওয়েবসাইট। তাদের তথ্য অনুযায়ী, বিভ্রাটের সময় সর্বোচ্চ প্রায় ১ লক্ষ ৩০ হাজার অভিযোগ জমা পড়েছিল। পরে অভিযোগের সংখ্যা কিছুটা কমলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলি ঠিক করতে এখনও কাজ চলছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

ভারতেও মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের প্রভাব পড়েছে। আউটলুক, টিমস-সহ মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন এ দেশের গ্রাহকরা। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে ভারতে আউটলুক সংক্রান্ত সমস্যার অভিযোগ জমা পড়েছিল ২১০০-রও বেশি। তবে শুক্রবার সকালেও নতুন করে অভিযোগের সংখ্যা বাড়তে শুরু করে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই পরিষেবা বিভ্রাটের প্রভাব পড়েছে ভারতের দুই বিমান সংস্থা ইন্ডিগো ও আকাসা এয়ারের কাজেও। অন্যদিকে, অস্ট্রেলিয়াতেও বেশ কিছু সরকারি দপ্তর, স্কুল, বাণিজ্যিক সংস্থা এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এই সমস্যার মুখে পড়েছে। কয়েকটি সরকারি দপ্তরে অফিসের ইমেল এবং নিজেদের মধ্যে যোগাযোগের ব্যবস্থায় বিঘ্ন ঘটে। আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজেও সমস্যা দেখা দেয়।

এই ঘটনার পর প্রযুক্তি পরিষেবার ক্ষেত্রে একটি মাত্র সংস্থার উপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি (ACS)। তাদের দাবি, দেশের প্রযুক্তি ব্যবস্থা কতটা বিদেশি সংস্থার উপর নির্ভরশীল, তা এই বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, সংস্থার সিইও প্রিন্স রালস্টন অস্ট্রেলিয়া সরকারকে এই নির্ভরতা কমানোর বিষয়টি পর্যালোচনা করার আর্জি জানিয়েছেন। বিশেষ করে ছোট ব্যবসাগুলির জন্য বিকল্প ও জরুরি পরিষেবা চালুর ব্যবস্থা রাখার উপর জোর দিয়েছেন তিনি।