অভিষেকের বাড়ির সামনে বুলডোজার ইস্যুতে সাফাই দিলীপের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার চালানো নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সাফাই দিল রাজ্যের মন্ত্রীর। শুক্রবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, কারও বাড়ি লক্ষ্য করে নয়, শহর জুড়ে বেআইনি দখলদারি ও নির্মাণ সরাতেই পুরসভা পদক্ষেপ করছে। অভিষেককে ‘ইচ্ছাকৃত ভাবে নিশানা’ করা হয়নি বলেও দাবি তাঁর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এ দিন সংবাদ সংস্থা এএনআই-কে দিলীপ ঘোষ বলেন, ‘‘বেআইনি দখলদারি যে কোনও জায়গায় থাকলে তা সরানো হচ্ছে। কলকাতায় রাস্তা ও ফুটপাথের অভাব রয়েছে। তার মধ্যে কেউ নির্মাণ করলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হয়। সর্বত্রই এই কাজ চলছে। বহু জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে।’’

বৃহস্পতিবার সকালে অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিল কলকাতা পুরসভার কর্মীরা। সঙ্গে ছিল বুলডোজার। সাংসদের বাড়ির সামনের ফুটপাথের উপর বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী কাঠামো ভেঙে সরিয়ে দেওয়া হয়। পুরকর্মীদের বক্তব্য, ওই কাঠামোর কারণে ফুটপাথ ব্যবহার করতে সমস্যায় পড়ছিলেন স্থানীয়েরা। অভিযানের আগে অভিষেকের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।

ঘটনার রাজনৈতিক তাৎপর্য অবশ্য আরও গভীর। অভিষেকের ৩৯তম জন্মদিনকে কেন্দ্র করে কয়েক দিন আগেই তাঁর বাড়ির সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে গভীর রাতে সংঘর্ষের অভিযোগ উঠেছিল। তার পরেই বাড়ির সামনে এই উচ্ছেদ অভিযান নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

বুলডোজার অভিযান নিয়ে অবশ্য একেবারেই বিচলিত নন বলে জানিয়েছিলেন অভিষেক। তাঁর কটাক্ষ, ‘‘ওরা নিজেদের আবর্জনাই পরিষ্কার করেছে। আমি পরোয়া করি না। বুলডোজার দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করলেও আমি ভয় পাব না।’’

এখানেই থামেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভাঙার ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগও করেছেন তিনি। অভিযোগে অভিষেক দাবি করেছেন, ৬ ও ৭ নভেম্বরের মধ্যবর্তী রাতে এক দল ব্যক্তি তাঁর বাড়ি-কাম-অফিসে হামলা চালায়। ১০ ও ১১ নভেম্বরও সেখানে নজরদারি ও ‘রেকি’ চালানো হয়েছিল বলে অভিযোগ তাঁর। ঘটনাগুলিকে একই ধারার ‘উদ্বেগজনক কার্যকলাপ’ বলেও কমিশনকে জানিয়েছেন অভিষেক।