আমেরিকার হয়ে যুদ্ধে নামলে রেয়াত নয়! হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানে কোনও দেশ সাহায্য করলে তা শত্রুতামূলক পদক্ষেপ হিসেবেই দেখা হবে। এমনকী, সামরিক বা রসদ সরবরাহের মতো পরোক্ষ সাহায্য করলেও সংশ্লিষ্ট দেশকে আগ্রাসনের দায় নিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সমাজমাধ্যম X-এ একটি পোস্ট করে এই সতর্কবার্তা দিয়েছেন। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদের উল্লেখ করে তিনি আমেরিকা ও ইজরায়েলের সামরিক অভিযানে অন্য দেশগুলিকে জড়াতে নিষেধ করেছেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

নিজের পোস্টে দক্ষিণ কোরিয়ার একটি প্রবাদ উল্লেখ করে বাঘাই লেখেন, “একটি চড়ুই যদি সারসের সঙ্গে উড়তে চায়, শেষ পর্যন্ত তার পা ভাঙবে।” অর্থাৎ, আমেরিকার সামরিক অভিযানে যোগ দিয়ে অন্য দেশগুলি নিজেদের বিপদ ডেকে আনতে পারে বলেই ইঙ্গিত করেছেন তিনি। বাঘাইয়ের বক্তব্য, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেওয়া, নৌবাহিনী পাঠানো, সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহ করা কিংবা সেনা পাঠানো—সবকিছুকেই শত্রুতামূলক এবং বেআইনি কাজ হিসেবে বিবেচনা করা হবে। তাঁর দাবি, এই ধরনের পদক্ষেপ আমেরিকার আগ্রাসনে অংশ নেওয়ারই শামিল। এমন কাজ রাষ্ট্রসংঘের সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারার বিরোধী। পাশাপাশি, রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৩৩১৪ নম্বর প্রস্তাব অনুযায়ী এটিকে আগ্রাসনমূলক কাজ হিসেবেও ধরা যায়।

ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা বা জলদস্যুদের মোকাবিলার মতো কারণ দেখিয়েও এই ধরনের সামরিক সাহায্যকে বৈধ বলা যাবে না। আমেরিকার সঙ্গে কোনও দ্বিপাক্ষিক চুক্তি থাকলেও আন্তর্জাতিক আইন ভেঙে ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েলের সামরিক অভিযানে অংশ নেওয়ার অধিকার কোনও দেশের নেই। তাঁর হুঁশিয়ারি, যে দেশই এই ধরনের বেআইনি অভিযানে অংশ নেবে, তার পরিণতির সম্পূর্ণ দায় সেই দেশকেই নিতে হবে।

এদিকে, ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে সংঘাতের উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্থানীয় সময় এক সাক্ষাৎকারে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার কোনও আধিকারিককে ইরান খুন করার চেষ্টা করলে কী পদক্ষেপ করা হবে, সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “তারা আর বেঁচে থাকবে না।” প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করতে তাঁর কোনও দ্বিধা হবে না বলেও জানিয়েছেন তিনি।শুধু তাই নয়, ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীর উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের শাসকগোষ্ঠীর পতন ঘটছে। তবে এই পরিস্থিতিতে সংঘাত কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।