সপ্তাহান্তে লাল শেয়ারবাজার!

সপ্তাহের শেষ লেনদেনের দিনে মুখ থুবড়ে পড়ল ভারতীয় শেয়ারবাজার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বাড়তে শুরু করায় মুদ্রাস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। তার জেরেই শুক্রবার দিনের শেষে পতনের মুখে পড়ল সেনসেক্স ও নিফটি। যদিও বিদেশি বিনিয়োগের ধারাবাহিকতা এবং সংস্থাগুলির ভাল আর্থিক ফলাফল বাজারকে কিছুটা সামলে রেখেছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

শুক্রবার লেনদেন শেষে সেনসেক্স ৩১৮.৫৬ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ নেমে থামে ৮১,৫৯২.৪৫ পয়েন্টে। অন্য দিকে, নিফটি ৫০ পড়েছে ১৫৫.০৫ পয়েন্ট বা ০.৬১ শতাংশ। দিনের শেষে সূচকটির অবস্থান ২৫,১৪৪.৩০ পয়েন্টে।

জিওজিত ইনভেস্টমেন্টসের গবেষণা প্রধান বিনোদ নায়ারের মতে, মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং ফের সুদের হার বাড়ার আশঙ্কা বাজারের উপর চাপ তৈরি করেছে। তাঁর বক্তব্য, রিজ়ার্ভ ব্যাঙ্কের সহ্যসীমার উপরে পৌঁছে গিয়েছে দেশের মুদ্রাস্ফীতি। ফলে দীর্ঘ সময় ধরে চড়া সুদের হার বজায় থাকার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি অপরিশোধিত তেলের দাম এবং ভারত ও আমেরিকার বন্ডের ইল্ড বৃদ্ধি বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে।

শুধু বড় সংস্থার শেয়ার নয়, ধাক্কা খেয়েছে মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকও। নিফটি ১০০ কমেছে ০.৭ শতাংশ, মিডক্যাপ ১০০ পড়েছে ০.৩ শতাংশ এবং স্মলক্যাপ ১০০ নেমেছে ০.১৯ শতাংশ। ক্ষেত্রভিত্তিক সূচকগুলির মধ্যে অটো ১.০৩ শতাংশ, তথ্যপ্রযুক্তি ০.৭ শতাংশ এবং মেটাল ১ শতাংশের বেশি পড়েছে।

এ দিকে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে। সোনার দাম ০.৩৪ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৬৮৩ টাকা হয়েছে। রুপোর দাম কমেছে ০.১৯ শতাংশ।

ব্রিকওয়ার্ক রেটিংসের গবেষণা প্রধান রাজীব শরণ জানিয়েছেন, শুক্রবার ডলারের নিরিখে ৭ পয়সা বেড়ে ৯৪.০৫ হয়েছে টাকার দাম। তবে তেলের দাম ফের বাড়লে টাকার উপর চাপ তৈরি হতে পারে। এশিয়ার বাজারেও মিশ্র ছবি দেখা গিয়েছে। হংকং, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের সূচক পড়লেও জাপান ও তাইওয়ানের বাজার ছিল ঊর্ধ্বমুখী।