রাজ্যে চালু ‘পুলিশ মিত্র’ অ্যাপ! এবার হাতের মুঠোয় পুলিশের তথ্য

রাজ্যের পুলিশ ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে নতুন উদ্যোগ নিল সরকার। কেন্দ্র ও রাজ্যের মধ্যে এদিন এ সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। পুলিশের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে আধুনিক সরঞ্জামের ব্যবহারএকাধিক ক্ষেত্রে জোর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, পুলিশকর্মীদের হাতে আরও উন্নত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, রাজ্যে চালু করা হল নতুন ‘পুলিশ মিত্র’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পুলিশি পরিষেবাকে সাধারণ মানুষের আরও নাগালের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

পুলিশ মিত্র’ অ্যাপ চালুর মূল লক্ষ্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করে তোলা। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক দায়িত্বে রয়েছেন, তা সহজেই জানতে পারবেন নাগরিকরা। পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারদের পরিচয় ও তাঁদের দায়িত্ব সম্পর্কেও তথ্য মিলবে। অর্থাৎ, প্রয়োজনে এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীর সঙ্গে সরাসরি যোগাযোগের পথ আরও সহজ হবে। মুখ্যমন্ত্রীর মতে, পুলিশের কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষের কাছে স্পষ্ট ধারণা থাকা জরুরি। এই উদ্যোগের ফলে পুলিশি পরিষেবায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে নাগরিকদের যোগাযোগও আরও মজবুত হবে।

রাজ্যে নতুন সরকার গঠনের পর পুলিশবাহিনীতে নিয়োগের পাশাপাশি গোটা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশি পরিকাঠামোর উন্নতি, আধুনিক গাড়ি ও অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনও পুলিশকর্মীর সংখ্যায় ঘাটতির বিষয়টি তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, কাজের পরিধি ক্রমশ বাড়লেও সেই অনুপাতে পর্যাপ্ত পুলিশকর্মী নেই। শুধু নতুন পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, সেগুলি কার্যকর করাও জরুরি। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। গোটা প্রক্রিয়ার উপর পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও নজর রাখছেন।

এদিন কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের সময়ে দুই পক্ষের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতার অভাব ছিল। তবে বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য আড়াল না করে যৌথভাবে কাজ করার পক্ষেই সওয়াল করেছেন তিনি। ইতিমধ্যেই এই সমন্বয় আরও মজবুত করতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বৈঠকও হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।