আবার আইওএ সভাপতি হওয়ার দৌড়ে পিটি ঊষা

কয়েক দিন আগেও মনে হয়েছিল, পথ বন্ধ। স্পোর্টসপারসন্স অফ মেরিট (এসওএম) নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) সভাপতি পদে পি টি ঊষার ফেরার সম্ভাবনা কার্যত শেষ বলেই মনে করা হচ্ছিল। কিন্তু আচমকাই বদলে গেল পরিস্থিতি। আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মনোনয়নে ফের আইওএ নির্বাচনের ময়দানে নামার সুযোগ পেলেন প্রাক্তন অ্যাথলিট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আইওএ-র জেনারেল বডিতে আইস হকি অ্যাসোসিয়েশনের দুই প্রতিনিধির মধ্যে মহিলা প্রতিনিধি হিসাবে ঊষার নাম জমা পড়েছে। পুরুষ প্রতিনিধি হিসাবে মনোনয়ন পেয়েছেন আইস হকি ফেডারেশনের সভাপতি হরজিন্দর সিং। ফলে সভাপতি পদে ফের লড়াই করার দরজা আপাতত খুলে গেল পিটি ঊষার সামনে।

তবে লড়াই সহজ নয়। সোমবারের এসওএম নির্বাচনে অঞ্জু ববি জর্জ, সাইনা নেহওয়াল, রাণী রামপাল এবং দোলা বন্দ্যোপাধ্যায়ের মতো ক্রীড়াবিদদের কাছে পরাজিত হয়েছিলেন ঊষা। সর্বাধিক ভোট পেয়েছিলেন অঞ্জু। আইওএ সভাপতি পদের দৌড়ে তাঁর নামও জোরালো ভাবে রয়েছে। তবে বর্তমান সহ-সভাপতি গগন নারাংকেই সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ক্রীড়ামহলের একাংশের ধারণা, শেষ পর্যন্ত নারাংয়ের কাছেই কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে ঊষাকে।

আইওএ নির্বাচনে ৩০টি জাতীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের ভোটাধিকার রয়েছে। নির্বাচনী আধিকারিক সঞ্জয় কুমার শ্রীবাস্তব বৃহস্পতিবারের মধ্যে প্রতিটি সংস্থাকে এক জন পুরুষ ও এক জন মহিলা প্রতিনিধির নাম দিতে বলেছিলেন। তবে শর্ত ছিল, মনোনীত প্রতিনিধিকে জাতীয় ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত হতে হবে। সেই শর্ত ঊষার ক্ষেত্রে পূরণ হচ্ছে কি না, তা নিয়েই এখন প্রশ্ন। শুক্রবার মনোনয়ন নিয়ে আপত্তি জানানোর শেষ দিন। শনিবার বৈধতা ও আপত্তি সংক্রান্ত বিষয় নিষ্পত্তি হবে। রবিবার প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

এরই মধ্যে অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার দাবি তুলেছেন। আইওএ-র সংবিধান এবং এসওএম নির্বাচনের মধ্যে অসামঞ্জস্য রয়েছে বলেও প্রশ্ন তুলেছেন তিনি।

সব মিলিয়ে ঊষার ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে তাঁর মনোনয়নের বৈধতার উপর। ২৬ নভেম্বর অলিম্পিক্স আয়োজনের জন্য ভারতের বিড জমা দেওয়ার প্রশ্নেও তাঁর অবস্থান এখনও স্পষ্ট নয়।