সমাজমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ভবানীপুর থানায় হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান অভিষেক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ঘটনার সূত্রপাত গত ২ মে। ওই দিন ‘এক্স’-এ একটি পোস্ট করেছিলেন অভিষেক। অভিযোগ, সেই পোস্টে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করার পাশাপাশি আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। ওই পোস্টের ভিত্তিতে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দা অর্ণবকান্তি দাস। অভিযোগের ভিত্তিতে ২৭ মে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
অভিযোগকারীর দাবি, অভিষেক তাঁর পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করেছেন। এতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। একজন সাংসদ হিসেবে সংবিধানের সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতা রক্ষার শপথ নেওয়ার পর এমন মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগকারীর দাবি।
পুলিশ অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করেছে। বিদ্বেষ ছড়ানো, হিংসায় প্ররোচনা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা এবং গুজব ছড়ানোর মতো অভিযোগও রয়েছে মামলায়।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর আগে বিভিন্ন মামলায় পুলিশ ও সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। শুক্রবারও তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিতে গিয়েছিল পুলিশ। গিরিশ পার্ক থানায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের সেই মামলায় আগামী ২০ নভেম্বর থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে।
ফলে এক মামলায় ভবানীপুর থানায় হাজিরার পর আরেক মামলায় ফের পুলিশের মুখোমুখি হতে হবে অভিষেককে। রাজনৈতিক মহলে বিষয়টি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।