জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের মেগা র্যালির দু’সপ্তাহও কাটেনি। তার মধ্যেই রাজধানীর অন্যতম প্রধান প্রতিবাদস্থল রামলীলা ময়দানে বিক্ষোভ, মিছিল ও জনসভা নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালুর পথে দিল্লি পুলিশ। তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)-র খসড়া। যদিও তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক খসড়াটি অনুমোদনের জন্য দিল্লি পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, রামলীলা ময়দানে সর্বাধিক ৫০ হাজার মানুষের জমায়েত করা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। কোনও কর্মসূচি আয়োজন করতে হলে অন্তত ১০ দিন আগে পুলিশের কাছে অনুমতির আবেদন জানাতে হবে। তবে মাঠের মোট ধারণক্ষমতা ৫০ হাজার হলেও প্রতিটি কর্মসূচির ধরন অনুযায়ী অনুমোদিত জমায়েতের সংখ্যা নির্ধারণ করা হবে।
যান চলাচল ও পার্কিং নিয়েও থাকছে কড়া নির্দেশ। রাস্তা, ফুটপাত কিংবা জরুরি পরিষেবার পথ কোনও ভাবেই অবরুদ্ধ করা যাবে না। পার্কিং ও যান নিয়ন্ত্রণের জন্য আয়োজকদের পুলিশের সঙ্গে সমন্বয় করতে হবে। মিছিল বা সভায় অস্ত্রশস্ত্র কিংবা দাহ্য পদার্থ বহনও নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, মাসখানেক আগেই যন্তর মন্তরের বিক্ষোভস্থলের স্বীকৃতি বাতিল করে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে বিকল্প প্রতিবাদস্থল হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পর যন্তর মন্তরে আর প্রতিবাদ করা যাবে না। তিন বিকল্পের মধ্যে যন্তর মন্তরের সবচেয়ে কাছেই রামলীলা ময়দান—দূরত্ব প্রায় ৩ কিলোমিটার।
তবে প্রতিবাদ করতে গেলে খরচও কম নয়। ১২ একর রামলীলা ময়দানে প্রতিদিনের ভাড়া ৫০ হাজার টাকা। নিরাপত্তা জামানত ও কর-সহ মোট খরচ প্রায় ১ লক্ষ ২১ হাজার টাকা। এর মধ্যে ৫৫ হাজার টাকা ফেরতযোগ্য, বাকি প্রায় ৬৬ হাজার টাকা ফেরত মিলবে না। মাঠ ব্যবহারের জন্য দিল্লি পুরসভার উদ্যানপালন বিভাগের অনুমতি এবং পুলিশের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে। নতুন এসওপি কার্যকর হলে রাজধানীর রাজনৈতিক কর্মসূচিতে তার প্রভাব পড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।