পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট আছে? সাবধান!

পোস্ট অফিসে আপনার কোনো সঞ্চয় প্রকল্প বা সেভিংস অ্যাকাউন্ট আছে? তাহলে এখনই সাবধান হোন। ডাক বিভাগের একদম সাম্প্রতিক নির্দেশিকায় সাধারণ গ্রাহকদের জন্য বড়সড় একটি নিয়ম চালু হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

গত ১২ নভেম্বর দেশের সব পোস্টাল সার্কলের প্রধানদের কাছে ডাক বিভাগ একটি জরুরি নির্দেশ পাঠিয়েছে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, আপনার প্যান কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তবে আপনার সঞ্চয়ের সুদের ওপর সোজা ২০ শতাংশ টিডিএস কেটে নেওয়া হবে। ডাকঘরের সিবিএস (CBS) সিস্টেমে ইতিমধ্যেই এই নতুন ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব—নতুন এই সিস্টেমে কী কী যাচাই করা হচ্ছে, কাদের ক্ষেত্রে ২০ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে, এবং ১৫ ডিসেম্বরের আগে আপনাকে কী কী কাজ সেরে ফেলতে হবে।


এতদিন ডাকঘরে অ্যাকাউন্ট খোলার সময় শুধু প্যান নম্বর দিলেই কাজ চলে যেত। কিন্তু এখন থেকে ডাক বিভাগের সিস্টেম সরাসরি প্রোটিয়ান (Protean — পূর্বতন NSDL)-এর সার্ভারের সাথে মিলিয়ে চারটি বিষয় যাচাই করবে—
১. আপনার প্যান কার্ডটি বৈধ কি না
২. প্যান কার্ডে থাকা নামের সাথে পোস্ট অফিসের অ্যাকাউন্টের নাম হুবহু মিলছে কি না
৩. আপনার জন্ম তারিখ মিলছে কি না
৪. আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না

এখানে সবচেয়ে বড় বিপদের কথা হলো—প্রথম তিনটি শর্ত, অর্থাৎ প্যান বৈধ হওয়া, নাম এবং জন্ম তারিখ যদি না মেলে, তবে পোস্ট অফিসে আপনার নতুন কোনো CIF বা কাস্টমার ইনফরমেশন ফাইল খোলা যাবে না। এমনকি পুরনো অ্যাকাউন্টেও কোনো তথ্য বদলানো যাবে না। কম্পিউটার স্ক্রিনে সাথে সাথে এরর দেখিয়ে দেবে। আর চার নম্বর শর্ত, অর্থাৎ প্যান-আধার লিঙ্ক না থাকলে অ্যাকাউন্ট খোলা গেলেও সুদের ওপর কাটা হবে বাড়তি ২০ শতাংশ টিডিএস।


প্যান ও আধার লিঙ্ক না থাকলে প্যান কার্ডটি ইনঅপারেটিভ বা নিষ্ক্রিয় হয়ে যায়। এই নিষ্ক্রিয় প্যান কার্ডধারীদের সুদ থেকে ২০ শতাংশ হারে টিডিএস কাটার জন্য ডাক বিভাগ সিস্টেমে দুটি নতুন ট্যাক্স কোড চালু করেছে —

  • আপনার বয়স যদি ৬০ বছরের নিচে হয়, তবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে TDSIO কোড।
  • আর আপনার বয়স যদি ৬০ থেকে ৮০ বছরের মধ্যে হয়, তবে লাগু হবে TDSIS কোড।
    এই দুটি ক্ষেত্রেই সুদের ওপর ২০ শতাংশ হারে কর কাটা হবে।

তবে এখানে একটি স্বস্তির খবরও রয়েছে! যাঁদের বয়স ৮০ বছরের বেশি বা Super Senior Citizens তাঁদের আধার ও প্যান লিঙ্ক না থাকলেও সুদের ওপর বাড়তি ২০ শতাংশ টিডিএস কাটা হবে না। এছাড়া যাঁদের প্যান-আধার লিঙ্ক করা আছে, তাঁদের ক্ষেত্রে আগের মতোই সাধারণ নিয়মে টিডিএস কাটা হবে। পাশাপাশি পোস্ট অফিসের এজেন্টদের ক্ষেত্রেও নতুন নিয়ম এসেছে—আয়কর আইন ২০২৫-এর ৩৯৩(১) ধারা অনুযায়ী, এজেন্টদের বার্ষিক কমিশন ২০ হাজার টাকা বা তার কম হলে কোনো টিডিএস কাটা হবে না।

এখন প্রশ্ন হলো, যাঁদের প্যান নিষ্ক্রিয় বা তথ্যে গরমিল আছে, তাঁদের কী করতে হবে? ডাক বিভাগ জানিয়েছে, চেন্নাইয়ের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার থেকে সার্কল-ভিত্তিক নিষ্ক্রিয় প্যানের তালিকা পাঠানো হচ্ছে। যাঁদের প্যান ‘ইনঅপারেটিভ’, তাঁদের মোবাইলে পর্যায়ক্রমে ডাক বিভাগ থেকে এসএমএস পাঠানো হবে। বিশেষ করে যাঁরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা রেখেছেন, তাঁদের সাথে যোগাযোগ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার করণীয় কাজগুলো হলো:
১. সবার আগে আয়কর বিভাগের পোর্টালে গিয়ে আপনার প্যান ও আধার লিঙ্ক করিয়ে নিন।
২. প্যান ও আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখের সাথে পোস্ট অফিসের পাসবুকের তথ্য মিলিয়ে দেখুন। কোনো ভুল থাকলে তা সংশোধন করুন।
৩. লিঙ্ক হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট পোস্ট অফিসে গিয়ে আপনার প্যান কার্ডটি পুনরায় যাচাই (Re-verify) করান এবং প্রয়োজনে Form-121 জমা দিন।

মনে রাখবেন, প্যান বা আধারের তথ্যে সামান্য বানান ভুল থাকলেও এখন অনলাইন যাচাইয়ের কারণে আপনার নতুন অ্যাকাউন্ট খোলা, তথ্য পরিবর্তন, এমনকি সুদের টাকাও আটকে যেতে পারে। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে আজই নিজের নথিপত্র যাচাই করে নিন।