মুম্বইয়ে ফের নাশকতার ছক? গ্রেপ্তার ২০ বছরের যুবক!

২০০৮ সালের ২৬/১১ হামলার স্মৃতি এখনও টাটকা। মুম্বইয়ের সেই ভয়াবহ জঙ্গি হামলায় অন্যতম নিশানা ছিল কোলাবার চাবাড় হাউস, যা নরিমান হাউস নামেও পরিচিত। সেই স্পর্শকাতর জায়গাতেই সন্দেহজনক গতিবিধির অভিযোগে গ্রেপ্তার হলেন ২০ বছরের এক যুবক। অভিযোগ, হামলার আগে ওই ধর্মীয়স্থানের উপর নজরদারি বা ‘রেইকি’ করছিলেন তিনি। এবার এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

পুলিশের তদন্তে উঠে এসেছে, ধৃত যুবকের নাম যশ সিং। নভি মুম্বইয়ের আইরোলির বাসিন্দা ওই যুবকের সঙ্গে আন্তর্জাতিক অপরাধচক্রের যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। অভিযোগ, বিদেশে থাকা কয়েকজন হ্যান্ডলারের নির্দেশ মেনেই কাজ করছিলেন তিনি। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ছবি ও নথিতে ইহুদি সম্প্রদায়ের মানুষ, বিদেশি নাগরিক এবং তাঁদের ব্যবসা সংক্রান্ত নানা তথ্য মিলেছে। এমনকী, তাঁরা কোন ধরনের গাড়ি ব্যবহার করেন, তার বিস্তারিত বিবরণও সংগ্রহ করেছিলেন যশ। পুলিশের দাবি, বিদেশি নাগরিকদের চলাফেরার উপরেও নিয়মিত নজর রাখতেন তিনি। সংগৃহীত এই সমস্ত গোপন তথ্য বিদেশে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠানো হত বলে অনুমান তদন্তকারীদের। এই গ্রেপ্তারির পর থেকেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০০৮ সালের ২৬/১১-র মতো হামলার পরিকল্পনা কি ফের মুম্বইকে ঘিরে? সেই সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তকারীদের সূত্রে খবর, নরিমান হাউস ছাড়াও মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গায় যশের যাতায়াত ছিল। তাঁর গতিবিধি নিয়ে গোপন সূত্রে তথ্য পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। পরিকল্পনামাফিক অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে শুধু মুম্বই পুলিশই নয়, কেরল পুলিশের নজরেও ছিলেন এই যুবক। ত্রিশূরে ইউএপিএ (UAPA) ধারায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের রয়েছে। সেই মামলার সূত্র ধরেই দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছিল কেরল পুলিশ। ধৃতের সঙ্গে কোনও বৃহত্তর নাশকতার পরিকল্পনার যোগ রয়েছে কি না, কেনই বা তিনি একাধিক স্পর্শকাতর জায়গার উপর নজর রাখছিলেন, এখন সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।