ধেয়ে আসছে আকবান! বৃষ্টির আশঙ্কা বাংলাজুড়ে

রাজ্যজুড়ে ধীরে ধীরে জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। গত দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমায় সকাল-সন্ধ্যায় শীতের আমেজও বেড়েছে। তবে শীতের এই মনোরম আবহাওয়ায় ফের বাধা হয়ে দাঁড়াতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। ফলে শীতের আমেজ বাড়ার মাঝেই ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে বাংলায়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারই এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়ে সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিভিন্ন মডেলের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টির অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মধ্যবর্তী কোনও এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’। ফলে নতুন করে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সব মিলিয়ে শীতের আমেজের মধ্যেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়তে পারে দক্ষিণবঙ্গ।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব আপাতত পড়বে না উত্তরবঙ্গের আবহাওয়ায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরের পাঁচ জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে রবিবার ও সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে বৃষ্টির জেরে শীতের আমেজ কিছুটা বাধা পেতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে একদিকে শীতের অপেক্ষা, অন্যদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা—দুইয়ের মাঝেই বদলাতে চলেছে বাংলার আবহাওয়া।