‘৭ শর্ত মানলেই চুক্তি’, আমেরিকাকে কড়া বার্তা তেহরানের

আমেরিকার ইরান নীতির তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ-বাঘের গালিবাফ। তাঁর স্পষ্ট বক্তব্য, ইরান আর এমন পরিস্থিতিতে থাকতে চায় না, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর এই খবর জানিয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

রবিবার পার্লামেন্টের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে গালিবাফ বলেন, আমেরিকা আলোচনার পথে হাঁটবে, নাকি যুদ্ধের পথে যাবে, তা নিয়ে ইরানের কোনও মাথাব্যথা নেই। তবে আমেরিকা যদি ইরানের সাতটি যুক্তিসঙ্গত শর্ত মেনে নেয়, তা হলে চুক্তির দরজা খোলা থাকবে। আমেরিকাকে সতর্ক করে তিনি বলেন, নতুন করে কোনও ভুল পদক্ষেপ করলে তার জবাব দিতে প্রস্তুত ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী। ভবিষ্যতে সংঘাত শুরু হলে সেই যুদ্ধের সীমা কোথায় গিয়ে থামবে, তা ইরানের সেনাবাহিনীই ঠিক করবে।

রবিবার ইরানের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত একটি বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনটি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান স্থপতি মেজর জেনারেল হাসান তেহরানি মোকাদ্দামের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে দেশের মহাকাশ প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদেরও শ্রদ্ধা জানান গালিবাফ।

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিকেও নিজেদের শক্তিতে পরিণত করেছে এই বাহিনী। বিদেশি শক্তির বিভিন্ন কৌশল মোকাবিলা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষের মধ্যেও আশার আলো জুগিয়েছে তারা।

গালিবাফের দাবি, এই বাহিনী অসম্ভবকে সম্ভব করেছে। ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার বিভিন্ন পরিকল্পনাও ব্যর্থ করেছে। তাঁর কথায়, এই বাহিনীর সাফল্য শুধু ইরানের মানুষের মধ্যেই নয়, গোটা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যেও আশা ও আত্মবিশ্বাস তৈরি করেছে। বিশেষ করে প্যালেস্টাইনের নির্যাতিত শিশুদের জন্যও এই বাহিনী আশার বার্তা বহন করছে বলে দাবি করেন তিনি। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন ইরানের পার্লামেন্টের স্পিকার। তাঁর দাবি, আমেরিকার এই ধরনের মন্তব্য আসলে আন্তর্জাতিক মঞ্চে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে তাদের অস্বস্তিরই প্রকাশ।

গালিবাফ বলেন, আমেরিকার অর্থমন্ত্রীর অশালীন মন্তব্য ও ভাষা বুঝিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের অবস্থানের সামনে তারা চাপে রয়েছে। তাঁর কটাক্ষ, সম্ভাব্য হামলার আশঙ্কায় যাঁরা নিজেদের বাড়ি ছেড়ে সামরিক বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন, তাঁদের উচিত পারস্য উপসাগরে নিজেদের ব্যর্থতা নিয়ে ভাবনাচিন্তা করা।

এদিকে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা ছড়িয়েছে উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটিগুলিকেও ঘিরে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরিনের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তাদের বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বাহরিনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে ছ’টি ড্রোন পাঠানো হয়েছিল। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই অভিযান চালিয়েছে বলে দাবি করা হয়েছে।