ছটপুজোকে কেন্দ্র করে দুর্গাপুর ব্যারেজে প্রস্তুতি তুঙ্গে। পুজোর আগে ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী, বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, পুলিশ সুপার পিভিজি সতীশ, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি এবং বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিংহ-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা
এদিন দামোদর নদের দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন ছটপুজোর ঘাট ঘুরে দেখেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। বিশেষভাবে ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুণ্যার্থীদের সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পরিদর্শনের সময় সাংসদ সৌমিত্র খাঁ নিজেই এক হাঁটু জলে নেমে ঘাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সামগ্রিক ব্যবস্থাপনার খোঁজ নেন। পাশাপাশি বড়জোড়ার বিডিওকে ছটপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেন তিনি।
এদিন সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ছটপুজো উপলক্ষে সকলকে দুর্গাপুর ব্যারেজে আসার আমন্ত্রণ জানাচ্ছেন তাঁরা। ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকী ঘাট পরিষ্কারের কাজে তাঁরা নিজেরাও জলে নেমেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দুর্গাপুর ব্যারেজকে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সকলকে দুর্গাপুরে এসে নতুনভাবে সাজিয়ে তোলা ব্যারেজ ঘুরে দেখার আহ্বান জানান।ছটপুজোর আগে দুর্গাপুর ব্যারেজের ঘাটকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে তুলতে জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের এই পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।