অভিনেতা সইফ আলি খান ও করিনা কাপুর খানের সহ-মালিকানাধীন এবং অক্ষয়া কাম্বোজ ও অ্যাসপেক্ট স্পোর্টসের পরিচালনায় থাকা কলকাতার দল ‘টাইগার্স অফ কলকাতা’ আইএসপিএল-এর (ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ) চতুর্থ মরশুমের নিলামে নামতে চলেছে। প্রথম মরশুমের চ্যাম্পিয়ন এই দল এবার দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তার আগে তৃতীয় মরশুমের সেরা ব্যাটার সইফ আলি, যিনি সাগর আলি নামেও পরিচিত, তাঁকে দলে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি দলের প্রথমবার খেতাবজয়ী অধিনায়ক প্রথামেশ পাওয়ারকে নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
গত মরশুমে রানার্স আপ হয়েছিল টাইগার্স অফ কলকাতা। এবার ধরে রাখা ব্যাটারকে কেন্দ্র করে আরও শক্তিশালী দল গড়তে চাইছে তারা। দলের প্রস্তুতির দায়িত্বে থাকবেন ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত প্রথামেশ পাওয়ার। গতবারের তুলনায় এবার আরও একধাপ এগিয়ে খেতাব জেতাই তাদের মূল লক্ষ্য। টাইগার্সের জার্সি গায়ে দলের পাশে থাকার বার্তা দিয়েছেন অক্ষয়া কাম্বোজ, সইফ আলি খান এবং করিনা কাপুর খান। দলের পরিচিতি ও লক্ষ্য তুলে ধরে তাঁরা জানিয়েছেন,’ “Rooted in Legacy. Roaring with Pride.” অর্থাৎ ‘ঐতিহ্যে শিকড়, গর্বে গর্জন।’
দলের এই সিদ্ধান্ত প্রসঙ্গে অ্যাসপেক্ট গ্লোবাল ভেঞ্চার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর অক্ষয়া কাম্বোজ বলেন, “গত মরশুমে ফাইনালে পৌঁছনোর অভিজ্ঞতা চতুর্থ মরশুমে আমাদের লক্ষ্য আরও বাড়িয়ে দিয়েছে। আমরা আবারও ট্রফি জয়ের লড়াইয়ে নামতে চাই। তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরিকল্পনামাফিক প্রস্তুতি এবং এমন একটি দল, যেখানে প্রত্যেক খেলোয়াড়ের দক্ষতা একে অপরের পরিপূরক হবে।”
তিনি আরও বলেন, “সইফকে দলে ধরে রাখা এবং প্রথামেশকে কোচের দায়িত্ব দেওয়া আমাদের দলকে ধারাবাহিকতা ও অভিজ্ঞতা জোগাবে। নিলামে কোন কোন জায়গায় শক্তি বাড়াতে হবে, সে বিষয়ে আমাদের স্পষ্ট পরিকল্পনা রয়েছে। খেলোয়াড়রা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই আমাদের দায়িত্ব।” তৃতীয় মরশুমে দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়েছিলেন সইফ আলি। ১১টি ম্যাচে ২২৫ রান করে তিনি সেরা ব্যাটারের পুরস্কার পান। শুধু তাই নয়, আইএসপিএলের তিনটি মরশুম মিলিয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তিনটি মরশুমে তাঁর মোট রান ৮২০।