ঝাড়গ্রাম থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে ভুয়ো তফসিলি জাতি (এসসি) শংসাপত্র নিয়ে কড়া অবস্থানের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে আদিবাসীদের নাম ব্যবহার করে ভুয়ো এসসি শংসাপত্র বিলি করা হয়েছিল। বর্তমান সরকার কোনওভাবেই এমন অনিয়ম বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “এই সরকারের আমলে একটিও ভুয়ো এসসি শংসাপত্র দেওয়া চলবে না।” ইতিমধ্যেই একাধিক ভুয়ো শংসাপত্রধারীকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিন শবর জনজাতির মানুষের উন্নয়নের জন্য নতুন প্রকল্পের ঘোষণাও করেন তিনি। আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং তাঁদের জীবনযাত্রার উন্নতিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও বার্তা দেন শুভেন্দু।
বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ‘জনজাতি গৌরব দিবস’ পালন করা হল ঝাড়গ্রামে। এই বিশেষ দিনে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘদিন ধরে জমির মালিকানার দাবিতে লড়াই চালিয়ে আসছেন আদিবাসীরা। তাঁদের সেই দাবিকে গুরুত্ব দিয়েই রাজ্য সরকার জমির অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “আজ শুধু পাঁচজনের হাতে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসী মানুষের হাতে জমির মালিকানা তুলে দিলাম।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকেই জমির অধিকার দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান শুভেন্দু। তাঁর কথায়, কয়েক দিন আগেই বন দফতর, ভূমি দফতর এবং জনজাতি উন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। আদিবাসী পরিবারগুলির জমির অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলেও বার্তা দেন তিনি।
এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসীদের প্রতি পূর্বতন সরকারের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, একসময় লোকশিল্পীদের সঙ্গে হাত মেলানোর সময় গ্লাভস পরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আদিবাসী নন, এমন অনেকের হাতে ভুয়ো এসসি শংসাপত্র তুলে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের অনিয়ম আর বরদাস্ত করা হবে না। কোনওভাবেই যাতে ভুয়ো এসসি শংসাপত্র দেওয়া না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশও দিয়েছেন তিনি।
এদিন শবর সম্প্রদায়ের মানুষের জন্যও বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে শবর জনজাতির মানুষও পিভিজিটি (বিশেষভাবে বিপন্ন জনজাতি গোষ্ঠী) প্রকল্পের সুবিধা পাবেন। তাঁর বক্তব্য, জাতীয় স্তরের পিভিজিটি তালিকায় শবর সম্প্রদায়ের নাম না থাকলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে তাঁদের এই প্রকল্পের আওতায় সাহায্য করবে। এছাড়াও ঝাড়গ্রাম থেকে এদিন মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হস্টেল, সেতু-সহ একাধিক উন্নয়নমূলক কাজ।