পুলিশকে গুলি করলে ফুল নয়, পাল্টা গুলি: এনকাউন্টারে কড়া বার্তা

অভিযোগ, পাল্টা গুলি, তার পর মৃত্যু। বীরভূমের নানুরে রতন শেখের ‘এনকাউন্টার’ ঘিরে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন একাধিক মন্ত্রী। তাঁদের বক্তব্য, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা ব্যবস্থা হবেই। ‘আইনের শাসন’-এর প্রশ্নে অপরাধীদের কোনও রকম রেয়াত করা হবে না বলেও দাবি রাজ্য সরকারের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সোমবার রতনের মৃত্যুকে সমর্থন করে মন্ত্রী অর্জুন সিং বলেন, ‘‘পুলিশের উপর গুলি চালালে পুলিশ চুপ করে বসে থাকবে না। কেউ আমাদের মারতে এলে জবাব দেওয়ার অধিকার সংবিধান দিয়েছে।’’ তাঁর দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে মানুষের আইনের উপর বিশ্বাসই চলে গিয়েছিল। এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে।

মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রও একই সুরে বলেন, পুলিশের উপর গুলি চালানোর পর রতনের পরিণতি তাঁর নিজের কাজেরই ফল। তাঁর কথায়, ‘‘যে অপরাধীরা অন্যের উপর হামলা করে, তাঁদের সমাজে অবাধে ঘুরতে দেওয়া যায় না।’’ তাঁর দাবি, রাজনৈতিক আশ্রয়ে অপরাধীদের বেঁচে থাকার দিন শেষ।

মন্ত্রী উমেশ রাইয়ের বক্তব্যেও ছিল একই কঠোর বার্তা। তাঁর দাবি, ধর্ষণ ও গুন্ডামির বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে ‘‘ফুল ছোড়া হবে না’’, পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আগে যে দুষ্কৃতীরা পুলিশকে ভয় পেত না, এখন তাদের পুলিশকে ভয় পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রতন শেখের বিরুদ্ধে শান্তিনিকেতন গুলি-কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। একটি ডাকাতির মামলায় জামিন পেয়ে শুক্রবার এলাকায় ফিরেছিল সে। পরে বোলপুরের লায়েক বাজারে বটতলা এলাকায় তাকে ধরতে যায় তিন পুলিশকর্মীর দল। অভিযোগ, পুলিশকে দেখেই রতন গুলি চালায়। গুলিতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে আঘাত লাগে। এরপর থেকেই সে পলাতক ছিল। রবিবার নানুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে রতনের মৃত্যু হয়।

আহত কনস্টেবলকে বর্ধমান মেডিক্যাল কলেজে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানান। মুখ্যমন্ত্রীও বলেন, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পর আইনমাফিক প্রয়োজনীয় পদক্ষেপই করা হয়েছে। একই সঙ্গে বেআইনি অস্ত্রধারী ও দুষ্কৃতীদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সরকার বদলের পর রাজ্যে এ ধরনের ‘এনকাউন্টার’-এর সংখ্যা পাঁচে পৌঁছল। ফলে রতনের মৃত্যু ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, সরকার পক্ষ স্পষ্ট করেছে—দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘কঠোর’ অবস্থানেই তারা থাকবে।