ছটপুজো ঘিরে বাংলায় ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করে সোমবার তৃণমূলের বিরুদ্ধে ‘বিভাজনের রাজনীতি’র অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খা। তাঁর পাল্টা প্রশ্ন, বাংলার মানুষের স্বার্থে ১৫ বছর তৃণমূল এবং তার আগে ৩৪ বছর বাম সরকার কী করেছে?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ছটপুজোর আয়োজন নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেছিলেন কল্যাণ। তাঁর অভিযোগ ছিল, বাংলার সংস্কৃতি নষ্ট করছে বিজেপি। হাওড়া স্টেশনে ছটপুজোর সাজসজ্জা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি তাঁর প্রশ্ন, ‘‘পশ্চিমবঙ্গ কি বাঙালিদের, না বিহারিদের?’’ কল্যাণের আরও দাবি, রাজ্যে বাঙালিরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে পড়ছেন এবং এ ভাবে চলতে থাকলে আগামী পাঁচ বছরে বাঙালির অস্তিত্বই সঙ্কটে পড়বে।
তারই জবাবে ইন্দ্রনীলের আক্রমণ, ‘‘মা কালীর মূর্তি জেল ভ্যানে নিয়ে যাওয়া কি বাঙালি সংস্কৃতি? মহরমের জন্য দুর্গা বিসর্জন বন্ধ করা কি বাঙালি সংস্কৃতি? দাড়িভিটে বাংলা ভাষায় শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর গুলি চালানো কি বাঙালির স্বার্থে?’’ তাঁর অভিযোগ, তৃণমূল এবং বাম—দুই শাসকদলই বিভাজনের রাজনীতি করেছে।
মন্ত্রী বলেন, ভারত নানা ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের দেশ। ফলে প্রত্যেকের নিজের উৎসব পালনের অধিকার রয়েছে। সরকারের দায়িত্বও সেই উৎসবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। তাঁর কথায়, ‘‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত। বৈচিত্র্যের মানুষ দেশের জন্য অবদান রাখেন। প্রত্যেকের নিজের উৎসবে অংশ নেওয়ার অধিকার রয়েছে।’’
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছটপুজো নিয়ে বিতর্কে তৃণমূলকে নিশানা করেছিলেন। তাঁর অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য উৎসবগুলিকে আলাদা সম্প্রদায়ের সঙ্গে জুড়ে দেখানো হচ্ছে। গণপতি শুধু মারাঠিদের, ছট শুধু বিহারিদের বা রামনবমী শুধু উত্তরপ্রদেশের—এমন মানসিকতা দিয়ে সমাজকে ভাগ করা যায় না বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
ছটপুজোকে কেন্দ্র করে এই আক্রমণ পাল্টা আক্রমণে বাংলার রাজনীতিতে ফের প্রকাশ্যে বাঙালি বনাম ‘অবাঙালি’ বিতর্ক।