ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা এবং একাধিক সংস্থার তৈরি ড্রোনের যন্ত্রাংশের মধ্যে সামঞ্জস্য রাখার উপর জোর দিলেন প্রতিরক্ষা উৎপাদন সচিব সঞ্জীব কুমার।সোমবার ANI National Security Summit 3.0-তে ‘আত্মনির্ভরতা ইন ডিফেন্স’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্প এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছ থেকে বড় অর্ডার পেলে দেশের ড্রোন শিল্প আরও এগিয়ে যেতে পারবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সঞ্জীব কুমারের কথায়, বর্তমানে দেশের বহু সংস্থা ড্রোন তৈরি করছে। প্রতিরক্ষা ক্ষেত্রের বড় অংশের সংস্থাই এই কাজে যুক্ত। তবে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ এমনভাবে তৈরি করা প্রয়োজন, যাতে এক সংস্থার তৈরি যন্ত্রাংশ অন্য সংস্থার ড্রোনেও ব্যবহার করা যায়। অর্থাৎ, যন্ত্রাংশের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মান বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষেত্রে বিদেশের উপর নির্ভরতা কমাতে হবে। কেন্দ্রের PLI প্রকল্প এবং ভারতীয় সেনার কাছ থেকে বড় অর্ডার পেলে দেশেই উন্নতমানের পেলোড ও সেন্সর তৈরি করা সম্ভব হবে। আগামী কয়েক বছরে ভারতের ড্রোন শিল্প আরও পরিণত হবে এবং সেনাবাহিনীর প্রয়োজন মেটাতে সক্ষম হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
আলোচনায় সঞ্জীব কুমার আরও জানান, আধুনিক যুদ্ধের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘাত, অপারেশন সিঁদুর এবং আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, বর্তমানে যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে। তাই অস্ত্র ও সামরিক সরঞ্জামের পাশাপাশি অর্থনৈতিক শক্তি এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখার ক্ষমতাও জরুরি।
তাঁর মতে, আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব অনেক বেড়েছে। ড্রোনের পাশাপাশি ড্রোন-বিধ্বংসী প্রযুক্তিও যুদ্ধের ধরন বদলে দিতে পারে। গানপাউডার বা বারুদের আবিষ্কার যেমন যুদ্ধের ইতিহাসে বড় পরিবর্তন এনেছিল, তেমনই আগামী দিনে ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা যুদ্ধের কৌশল আমূল বদলে দিতে পারে। তিনি আরও জানান, বিভিন্ন দূরত্বে এবং একাধিক কাজে ড্রোনের ব্যবহার এখন অনেক সহজলভ্য হয়ে উঠেছে। আগামী দিনে যুদ্ধের প্রচলিত কৌশল ও পরিকল্পনাতেও বড় পরিবর্তন আসতে পারে।