প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিলিপিন্স সফর ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন সেখানে বসবাসকারী ভারতীয়রা। তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন প্রবাসী ভারতীয়রা। তাঁদের কথায়, প্রধানমন্ত্রীর এই সফর শুধু ভারতীয়দের কাছেই নয়, ফিলিপিন্সের মানুষের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদীর আগমনকে ঘিরে ভারতীয় সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উদ্দীপনা ও গর্বের অনুভূতি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্রধানমন্ত্রীর সফরের আগে সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়া বিজনেস ফোরামের সভাপতি দিলীপ তিওয়ারি জানান, মোদিকে স্বাগত জানাতে ফিলিপিন্সের ভারতীয় সম্প্রদায়ের প্রত্যেকেই উৎসাহিত। ২০১৭ সালের পর দ্বিতীয়বার এই দেশে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গত কয়েক বছরে বিদেশের মাটিতে ভারতীয়দের সম্মান ও মর্যাদা অনেকটাই বেড়েছে। এই পরিবর্তনে তাঁরা গর্বিত। ফিলিপিন্সের শান্তি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শোনা রায়ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তাঁর মতে, মোদির এই সফর ভারতীয় এবং ফিলিপিন্সের দুই সম্প্রদায়ের কাছেই খুশির খবর। তিনি বলেন, মোদি একজন আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ নেতা। তাঁর সফরের ফলে ফিলিপিন্সও নানা দিক থেকে উপকৃত হতে পারে।
পাশাপাশি ফিলিপিন্সে ভারতীয় আয়ুর্বেদের জনপ্রিয়তা বাড়ানোর বিষয়েও কথা বলেন শোনা রায়। তাঁর বক্তব্য, আয়ুর্বেদ ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা শুধু দেশের নয়, গোটা মানবজাতির জন্য একটি উপহার। প্রাকৃতিক উপায়ে চিকিৎসার চাহিদা বাড়ছে। সেই প্রয়োজন মেটাতেই ফিলিপিন্সে আয়ুর্বেদ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। কুয়েজন সিটিতে তাঁদের চিকিৎসাকেন্দ্র এবং শান্তি ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই চিকিৎসা পদ্ধতি পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি খাদ্যাভ্যাস, জীবনযাপন, দৈনন্দিন নিয়ম এবং ঘরোয়া চিকিৎসা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী ভারতীয়রা। কেরলের বাসিন্দা সিন্ধু কৃষ্ণন জানান, দেশের প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার সুযোগ তাঁর কাছে অত্যন্ত আনন্দের। একে তিনি জীবনের বিশেষ মুহূর্ত বলেও উল্লেখ করেন। বেঙ্গালুরুর বাসিন্দা পূর্ণিমা রামকৃষ্ণনের কথায়, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সুযোগ পাওয়া তাঁদের কাছে অত্যন্ত সম্মানের। একই সুর শোনা গিয়েছে খ্যাতির বক্তব্যেও। তাঁর মতে, মোদির ফিলিপিন্স সফর সেখানে বসবাসকারী ভারতীয়দের কাছে গর্বের বিষয় হয়ে থাকবে।
ইসকন রাধা মাধব ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রাবলী দেবী দাসী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের খবর পাওয়ার পরই তাঁরা তাঁকে মন্দিরে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন। এই বিষয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। সফর চলাকালীন প্রধানমন্ত্রী মন্দিরে আসবেন বলে আশাবাদী তাঁরা।
অন্যদিকে, ফিলিপিন্সের পাঞ্জাবি সম্প্রদায়ের তরফেও প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে। গুরজিন্দর সিং জানান, মোদিকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে স্বাগত জানাবেন তাঁরা। বহু ভারতীয়ই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন। ২০১৭ সালে মোদির আগের ফিলিপিন্স সফরের সময় তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাননি প্রকাশ শর্মা। তাই এবার তাঁকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বলে জানান প্রকাশ। উল্লেখ্য, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের আমন্ত্রণে ১৬ থেকে ১৮ নভেম্বর তিন দিনের সফরে সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ নভেম্বর ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেওয়ার কথা তাঁর।
সফরের আগে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আসিয়ান গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক। পাশাপাশি ভারতের ‘মহাসাগর’ ভাবনাতেও এই সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। ফিলিপিন্সে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের ৪৯তম আসিয়ান সম্মেলন এবং সংশ্লিষ্ট বৈঠকগুলির আয়োজক ফিলিপিন্স। ‘নেভিগেটিং দ্য ফিউচার’ বা ভবিষ্যতের পথ নির্ধারণ এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথে সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।