বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার সকালে ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শাহের পুনর্নির্বাচনে কোনও সদস্য আপত্তি না জানানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই দ্বিতীয় বার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে বহাল থাকলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আইসিসির তরফে জানানো হয়েছে, জয় শাহের নেতৃত্বের উপর আস্থা রয়েছে বোর্ডের। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ধারাবাহিকতা বজায় রাখা, খেলার উন্নতি, সমর্থকদের আস্থা অর্জন এবং বাণিজ্যিক সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যেই তাঁকে ফের দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘‘আইসিসির বোর্ড আমার উপর যে আস্থা ও সমর্থন রেখেছে, তাতে আমি আপ্লুত। এই পদে থাকা একই সঙ্গে সম্মানের এবং বিরাট দায়িত্বের। সদস্যদের সঙ্গে একযোগে ক্রিকেটকে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চাই।’’

শাহের কথায়, ক্রিকেট এখন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। নতুন প্রজন্ম এবং নতুন সমর্থকদের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, শুধু সফল প্রতিযোগিতা আয়োজন করাই আইসিসির দায়িত্ব নয়। ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদি এবং শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করতে হবে। সে ক্ষেত্রে খেলোয়াড়, সমর্থক, বাণিজ্যিক সহযোগী-সহ সমস্ত অংশীদারের স্বার্থকে গুরুত্ব দিতে চান তিনি।

শাহের বক্তব্য, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি বিভিন্ন দেশের মানুষকে এক সূত্রে বাঁধার ক্ষমতা। বোর্ড ও সদস্যদের সহযোগিতায় সেই শক্তিকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য স্থায়ী ছাপ রেখে যেতে চান তিনি।