একদিকে একের পর এক মানুষের অসুস্থ হয়ে পড়া। অন্যদিকে এক মহিলা ও এক শিশুর প্রাণ চলে যাওয়ার খবর। পানীয় জলের নিরাপত্তা নিয়ে এবার গভীর উদ্বেগ ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। জন্ডিস ও হেপাটাইটিসের সংক্রমণের আশঙ্কায় আতঙ্কিত বসিরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাগাটি এলাকার বাসিন্দারা।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা
স্থানীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৩০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলা ও এক শিশুর জীবন শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই সংক্রমণ ছড়িয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার পৌরসভার টাইম কল থেকে দুর্গন্ধযুক্ত জল সরবরাহ করা হচ্ছিল। তাঁদের আশঙ্কা, ওই দূষিত পানীয় জল থেকেই এলাকায় জন্ডিস ও হেপাটাইটিসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের দাবি, বহুদিন ধরেই জলের গুণমান নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। কিন্তু সেই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের আরও দাবি, আক্রান্তদের মধ্যে কয়েকজন চিকিৎসকের কাছে গেলে পানীয় জলের দূষণ থেকে সংক্রমণের সম্ভাবনার কথা উঠে আসে। যদিও জলের পরীক্ষার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত সংক্রমণের প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। খবর পেয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মেডিক্যাল কর্মীরা বাগাটি এলাকায় পৌঁছন। সেখানে আক্রান্তদের পাশাপাশি অন্যান্য বাসিন্দাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী ওষুধ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। অন্যদিকে, বসিরহাট স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে, এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই জলের গুণমান ও দূষণের সম্ভাব্য কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত সংশ্লিষ্ট টাইম কলের জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে জল সরবরাহ বন্ধ হওয়ায় নতুন করে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। কারণ, প্রতিদিনের পানীয় জল এবং অন্যান্য প্রয়োজন মেটাতে এই জলই ছিল বহু পরিবারের অন্যতম ভরসা। পরিস্থিতি সামাল দিতে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে ট্যাংকারের মাধ্যমে এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার ছুটির দিন হওয়ায় জলবাহী ট্যাংকারটি খালি পড়ে রয়েছে। ফলে প্রয়োজনীয় পানীয় জল সংগ্রহ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। সংক্রমণের আতঙ্কের মধ্যেই এবার পানীয় জলের অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে বাসিন্দাদের দুর্ভোগ।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে যদি পানীয় জলের গুণমান নিয়ে অভিযোগ থেকে থাকে, তাহলে আগে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি?