পুরভোটের আগে সুপ্রিম কোর্টে অভিষেক!

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় নতুন মোড়। এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি। একই সঙ্গে মমতা তৃণমূলের তরফেও পৃথক আবেদন করা হয়েছে। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়ার পরেই এই পদক্ষেপ। উদ্দেশ্য, মামলার শুনানির আগে তাঁদের বক্তব্যও যেন শোনা হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই পুরভোটের দিন ঘোষণা স্থগিত করেছে। আদালতের স্পষ্ট নির্দেশ, সিঙ্গল বেঞ্চে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের মাধ্যমে দায়ের হয়েছে মামলা।

এই পরিস্থিতিতে আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করলেন অভিষেক। অর্থাৎ, রাজ্যের আবেদনের ভিত্তিতে একতরফা কোনও নির্দেশ দেওয়ার আগে তাঁর বক্তব্যও শুনতে হবে— এমনটাই আর্জি। মমতা তৃণমূলের আবেদনেও একই দাবি জানানো হয়েছে।

ক্ষমতার পালাবদলের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়েছিল। শুরু থেকেই এই পুনর্বিন্যাস নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিরোধীরা। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় আদালতে। মামলার শুনানিতে বলা হয়, আগে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত আইনি জটিলতার নিষ্পত্তি, তার পর পুরভোট।

ফলে অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা পুরভোটের ভবিষ্যৎ। শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমেও দীর্ঘদিন ভোট হয়নি। কোথাও নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশাসকরাই দায়িত্ব সামলাচ্ছেন। নাগরিক পরিষেবা ও প্রশাসনিক কাজের স্বার্থে দ্রুত নির্বাচন করাতে চাইছে সরকার। শোনা যাচ্ছিল, নভেম্বরের শেষেই ভোট হতে পারে।

কিন্তু হাই কোর্টের নির্দেশে সেই সম্ভাবনাও এখন অনিশ্চিত। তার মধ্যেই সুপ্রিম কোর্টে রাজ্য বনাম তৃণমূলের নতুন আইনি লড়াই। ফলে কলকাতা পুরভোটের দিনক্ষণ এখন নির্ভর করছে শীর্ষ আদালতের পরবর্তী পদক্ষেপের উপর।