মাইক্রোসফটের পর এবার ব্যাঙ্কিং বিপর্যয়! আমেরিকাজুড়ে আতঙ্ক

কয়েক দিন আগেই প্রযুক্তিগত সমস্যার জেরে বিশ্বজুড়ে বিপর্যস্ত হয়েছিল মাইক্রোসফটের পরিষেবা। ইমেল পাঠানো থেকে শুরু করে বিমান চলাচল, একাধিক ক্ষেত্রে তার প্রভাব পড়েছিল। সেই ঘটনার রেশ মুছতে না মুছতেই এবার সমস্যায় আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা। দেশের একাধিক বড় ব্যাঙ্কের গ্রাহকদের অভিযোগ, নিজেদের অ্যাকাউন্টের কোনও তথ্যই তাঁরা দেখতে পাচ্ছেন না। এমনকি অনলাইনে টাকা লেনদেন করতেও তৈরি হয়েছে সমস্যা। আচমকা এই বিপর্যয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সোমবার প্রথমে এই বিপর্যয়ের মুখে পড়েন জেপি মর্গ্যান চেজের গ্রাহকরা। সমস্যার কথা স্বীকার করে ব্যাঙ্কের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে পরিস্থিতি সেখানেই থেমে থাকেনি। কয়েক ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক এবং ট্রুইস্টের মতো একাধিক বড় আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরাও একই সমস্যার কথা জানাতে শুরু করেন। এর প্রভাব পড়ে আমেরিকার জনপ্রিয় অনলাইন পেমেন্ট পরিষেবা ‘জেলে’-তেও। ফলে শুধু মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেটের মাধ্যমে টাকা পাঠানোই নয়, সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়েও পরিষেবা পেতে সমস্যায় পড়েন বহু গ্রাহক।

আমেরিকার একের পর এক প্রথম সারির ব্যাঙ্কের পরিষেবা বিপর্যস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এর নেপথ্যে কি কোনও বড়সড় সাইবার হামলা রয়েছে? বিশেষ করে, এনভিডিয়ার মাধ্যমে চিনে তথ্য পাচারের অভিযোগ ঘিরে যখন আমেরিকায় উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই ব্যাঙ্কিং পরিষেবায় এই বিপত্তি নতুন করে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, হাজার হাজার গ্রাহক নিজেদের সমস্যার কথা জানিয়ে অভিযোগ দায়ের করতে থাকেন। তবে সাইবার হামলার আশঙ্কা উড়িয়ে দেয় জেপি মর্গ্যান চেজ। ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সফটওয়্যারের ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। এর পিছনে কোনও ধরনের সাইবার আক্রমণের ভূমিকা নেই। পাশাপাশি গ্রাহকদের আশ্বস্ত করে ব্যাঙ্ক জানায়, অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকেই বড়সড় প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছিল মার্কিন সংস্থা মাইক্রোসফট। প্রায় ২৪ ঘণ্টা ধরে বিশ্বজুড়ে সংস্থার একাধিক পরিষেবা ব্যাহত হয়। ভারত-সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা মাইক্রোসফটের ইমেল পরিষেবা আউটলুক এবং মাইক্রোসফট ৩৬৫ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। প্রথমে ইমেল পাঠানো বন্ধ হয়ে যায়। এরপর অ্যাকাউন্টে লগ ইন করতেও দেখা দেয় সমস্যা। শুক্রবার সকাল নাগাদ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইমেল পাঠানো, লগ ইন করা কিংবা ইনবক্সে জমে থাকা মেল খোলা—কোনও কাজই ঠিকমতো করা যাচ্ছিল না। এই প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাব পড়ে বিমান পরিষেবাতেও। প্রয়োজনীয় তথ্য ও বার্তা বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলির কাছে সময়মতো পৌঁছতে না পারায় ব্যাহত হয় বিমান চলাচল। এর জেরে শুক্রবার দিল্লি থেকে একাধিক উড়ান বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।