আইনজীবীকে এজলাস থেকে বের করে দিলেন প্রধান বিচারপতি!

সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা। এজলাসে বসে থাকা দেশের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তকে উদ্দেশ করে আপত্তিকর ও ব্যক্তিগত মন্তব্য করার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিরাপত্তারক্ষীদের ডেকে ওই আইনজীবীকে আদালতকক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। ঘটনার সময় বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহানা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সোমবার জরুরি ভিত্তিতে একটি মামলা মেনশন করতে গিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ, নির্দিষ্ট পদ্ধতি না মেনে দুপুর ২টো নাগাদ এজলাসে মামলাটি উল্লেখ করেন ওই আইনজীবী। নিজের ভুলের জন্য ক্ষমাও চান তিনি। পাশাপাশি তাঁর দাবি, গত ২ নভেম্বর প্রধান বিচারপতির চেম্বারে মামলাটি মেনশন করা হয়েছিল। কিন্তু ১৫ দিন কেটে গেলেও কোনও সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই এ দিন সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

বিষয়টি উত্থাপনের ধরন নিয়ে আপত্তি জানান বিচারপতি ভি. মোহানা। আদালতে এই ধরনের বক্তব্য রাখা যায় না বলে জানান তিনি। প্রধান বিচারপতি সূর্য কান্তও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে আইনজীবীকে অপেক্ষা করতে বলেন। কিন্তু তিনি অপেক্ষা করতে অস্বীকার করেন। এর পরেই আচমকা প্রধান বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করে মন্তব্য করেন বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের অডিয়ো ও ভিডিয়ো সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, পরে নিরাপত্তারক্ষীরা ওই আইনজীবীকে এজলাস থেকে বার করে দেন।

প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলনের সময়ও তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন ওই আইনজীবী। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল। এ দিনও জানানো হয়, ওই আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সদস্য নন। তাঁকে সমর্থন না করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উপস্থিত কয়েক জন আইনজীবী বরং প্রধান বিচারপতিকে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।