মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড়সড় ধর্মীয় সমাবেশ। ‘সনাতন বৈভব’, রামানন্দ মিশন এবং মহারাজা অগ্রসেন ধামের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সনাতন ভাইবস’ অনুষ্ঠানে সমবেত ভাবে হনুমান চালিশা পাঠের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, প্রায় ৭ হাজার শিক্ষার্থী ও ভক্তের অংশগ্রহণে মোট ৫ লক্ষ বার হনুমান চালিশা পাঠের সংকল্প নেওয়া হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সকাল ১০টা থেকে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি উপস্থিত রাজ্যপাল আর এন রবি এবং রামভদ্রাচার্যজি মহারাজও। আয়োজকদের দাবি, শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও সাধু-সন্ত এবং বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের মঞ্চ থেকেও বিগত বাম ও তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু। তিনি বলেন, ৩৪ বছরে কমিউনিস্টদের সরকার ধর্ম পালনের অনুমতি দেয়নি। ওরা বলে আমরা নাস্তিক হরেকৃষ্ণ, জয়শ্রীরাম, জয় বজরংবলী বলতে দেওয়া হত না।

মমতাকে নিশানা করে শুভেন্দু বলেন, সনাতনীর শক্তি সবার সামনে এসে গেছে। মহাকুম্ভে সনাতনীরা যখন ডুব দিচ্ছিলেন,তখন বিধানসভার অন্দরে বলা হয়েছিল এটা মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ। ২০২৫ সালে সরকারের প্রধান কালীমাতাকে কাকদ্বীপের সূ্র্যনগরে পুলিশভ্যানে তুলেছিলেন। এবার ২০২৬ সালের মহালয়ায় তাকেই পুলিশভ্যানে তাকে উঠতে হল।
বৃহৎ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে হনুমান চালিশার সমবেত পাঠের পাশাপাশি ধর্মীয় আলোচনা এবং সাধু-সন্তদের আশীর্বচনও হয়েছে।

আয়োজকদের বক্তব্য, সনাতন ধর্মের আদর্শ প্রচার, সামাজিক ঐক্য এবং মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগানোর লক্ষ্যেই এই উদ্যোগ। রামানন্দ মিশনের তরফে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে কুণ্ডীয় মহাযজ্ঞ এবং রামকথা পাঠের আয়োজন করা হবে। ফেব্রুয়ারিতে পুরুলিয়ার কুশল পল্লিতে হবে ‘হনুমান কথা’ অনুষ্ঠান।
মঙ্গলবার শুধু নেতাজি ইন্ডোরের কর্মসূচিতেই থামছে না মুখ্যমন্ত্রীর দিন। বিকেলে গোঘাটের সেলামপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যাওয়ার কথা তাঁর। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সেলামপুরে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ফলে সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।