বাংলাদেশে ফের অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুরে বিক্ষোভ দেখালেন পোশাক কারখানার শ্রমিকরা। দেশের বিভিন্ন প্রান্তে বস্ত্রশিল্পের শ্রমিকদের আন্দোলন চলছেই। এর জেরে বেশ কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনাও ঘটেছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বিক্ষোভের সময় রাস্তা অবরোধ করার চেষ্টা করেন শ্রমিকরা। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাঁদের বাধা দেয়। সংবাদমাধ্যম DW-এর প্রতিবেদন অনুযায়ী, বেশি বেতনের দাবিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আন্দোলনের জেরে একাধিক শিল্পাঞ্চলের কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই বেতন এবং কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন শ্রমিকরা।
‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুর ৩টে নাগাদ সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে একদল শ্রমিক জমায়েত করেন। কিছুক্ষণের জন্য ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ তাঁদের শান্তিপূর্ণভাবে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করে। এরপর কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাস্তা ছেড়ে চলে যান শ্রমিকরা। এদিকে, সোমবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ৪০টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ। এর মধ্যে ২৭টি কারখানা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় বন্ধ রাখা হয়েছে। আরও ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি কারখানাগুলিতে সাধারণ ছুটি ছিল।
আশুলিয়া শিল্প পুলিশের এক নম্বর বিভাগের পুলিশ সুপার মহম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, একটি কারখানার শ্রমিকরা দুপুরের খাবারের বিরতির পর আর কাজে যোগ দিতে চাননি। তাঁরা কারখানার ভিতরেই বসে থাকেন। এরপর কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। অন্য দু’টি কারখানাতেও শ্রমিকরা কাজ বন্ধ করে ভিতরে বসে বিক্ষোভ দেখান। তবে শিল্পাঞ্চলের বাকি কারখানাগুলিতে স্বাভাবিকভাবেই কাজ চলেছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। সোমবার একটি বিবৃতিতে বিজিবি জানিয়েছে, সম্ভাব্য অশান্তি মোকাবিলায় সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের শরীরে লাগানো ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে।
ডিসেম্বর মাসে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে খবর প্রকাশ্যে আসার পর গোপালগঞ্জে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এর পরেই আওয়ামী লীগপন্থীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল