কার্তিক পুজোর মরসুমে বাংলার রাজনীতিতে যেন নতুন ‘কার্তিক-কাণ্ড’। মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষের বাড়ির সদর দরজায় ফেলে যাওয়া হল কার্তিকের মূর্তি। শুধু মূর্তি নয়, তার গায়ে সাঁটানো একটি চিরকুটও। সেখানে কুণাল ঘোষের নামের সঙ্গে অর্পিতা চৌধুরী নাম নাম রয়েছে বলে দাবি করা হয়েছে। ছবি ও ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত। তবে ঘটনাটি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি কুণাল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বাংলার লোকাচার অনুযায়ী, কার্তিক পুজোর আগে রাতের অন্ধকারে মজা করে বাড়ির সামনে কার্তিকের মূর্তি রেখে যাওয়ার চল এখনও অব্যাহত। সাধারণত সদ্য বিবাহিত বা অবিবাহিত যুবকদের বাড়িকেই নিশানা করা হয়।
এর পর একই ‘রসিকতা’র শিকার হয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীও। সোমবার রাতে গানবাজনা-সহ দলীয় কর্মীরা তাঁর বাড়িতে কার্তিকের মূর্তি রেখে যান। ঘটনায় হেসে ফেলেছেন কৌস্তভও। উল্লেখ্য, এক বছর আগে দীর্ঘদিনের বান্ধবী প্রীতির সঙ্গে তাঁর সামাজিক বিয়ে হয়েছিল।

তবে কার্তিক-কাণ্ডে সবচেয়ে মজার প্রতিক্রিয়া এসেছে দেবাংশু ভট্টাচার্যের তরফে। সদ্য প্রেমিকার সঙ্গে আশীর্বাদ পর্ব সেরেছেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে বিয়ের কথা। মঙ্গলবার সকালে তাঁর বাড়ির সদর দরজাতেও কার্তিকের মূর্তি দেখতে পান দেবাংশু। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজে দেখছি রাত সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরা দু’জন বাইকে এসে মূর্তিটি রেখে যান।

ছবি পোস্ট করে দেবাংশুর রসিক মন্তব্য, ‘‘আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ। বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো ? যাই হোক প্রভু এসেছেন যখন তাকে সাদরে গ্রহণ করলাম।’’ ফলে কার্তিক পুজোয় রাজনীতির পরিচিত মুখদের বাড়িতে একের পর এক ‘কার্তিক আগমন’ ঘিরে সরগরম সমাজমাধ্যম।