কেন্দ্রের চাপে ইনস্টাগ্রামে বদল! আপত্তিকর কনটেন্টে লাগাম মেটার

সোশাল মিডিয়ায় ক্রমশ বাড়ছে অশ্লীল ও আপত্তিকর কনটেন্টের দাপট। শিশুদের উপর যৌন নির্যাতনের ছবি-ভিডিও থেকে শুরু করে নানা ধরনের নিষিদ্ধ সামগ্রী ছড়িয়ে পড়ছে ফেসবুক ও ইনস্টাগ্রামে। এই প্রবণতা রুখতে মাস চারেক আগেই মেটা কর্তৃপক্ষের কাছে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে কনটেন্ট নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করল মার্ক জুকারবার্গের সংস্থা। মঙ্গলবার নতুন নীতির কথা ঘোষণা করেছে মেটা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ইনস্টাগ্রামের কনটেন্ট রেকমেন্ডেশনের পদ্ধতিতেই এবার বদল আনছে মেটা। এতদিন ব্যবহারকারীরা যেসব অ্যাকাউন্ট অনুসরণ করেন না, সেগুলির পোস্ট ও ভিডিওও তাঁদের সামনে তুলে ধরা হত। নির্দিষ্ট সময় অন্তর এ ধরনের নানা কনটেন্টের পরামর্শ পেতেন ইউজাররা। কিন্তু নতুন নিয়মে সেই ব্যবস্থায় লাগাম টানতে চলেছে সংস্থা। ভারতীয় ব্যবহারকারীদের জন্য অ্যালগরিদমে আনা হচ্ছে পরিবর্তন। আপত্তিকর কনটেন্ট পুরোপুরি মুছে ফেলা না হলেও, তা যাতে ইচ্ছেমতো বিভিন্ন ব্যবহারকারীর কাছে পৌঁছে যেতে না পারে, সেই ব্যবস্থা করা হবে। অর্থাৎ, কোন পোস্ট কার কাছে পৌঁছবে, তা নিয়ন্ত্রণেই এবার আরও কড়া হচ্ছে মেটা।

উল্লেখ্য, কয়েক মাস আগেই সোশাল মিডিয়ায় ভুয়ো ও আপত্তিকর কনটেন্টের বাড়বাড়ন্ত নিয়ে মেটাকে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। ডিপফেক, বিভ্রান্তিকর তথ্য এবং পরিকল্পিতভাবে ছড়ানো অপপ্রচার বন্ধ করতে সংস্থার উপর চাপ তৈরি করা হয়। একইসঙ্গে অ্যালগরিদমে কী ধরনের বদল আনা হবে এবং এই সমস্যার মোকাবিলায় আগামী দিনে কী পদক্ষেপ করা হবে, তা জানিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কেন্দ্রের উদ্বেগের অন্যতম প্রধান বিষয় ছিল শিশুদের ঘিরে তৈরি যৌন ও আপত্তিকর ছবি-ভিডিওর প্রচার বন্ধ করা।

কেন্দ্রের সঙ্গে একাধিক দফার আলোচনার পর অবশেষে তাদের প্রস্তাব কার্যকর করার পথে হাঁটছে মেটা। এর আগে প্রায় দু’মাস আগে সংস্থার তরফে জানানো হয়েছিল, শিশুদের জন্য বিপজ্জনক বা ক্ষতিকর কোনও কনটেন্ট নজরে এলে তা প্রশাসনকে জানানো হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। এবার সেই উদ্যোগের পাশাপাশি আপত্তিকর কনটেন্টের প্রচার সীমিত করতে ইনস্টাগ্রামের অ্যালগরিদমেও বদল আনল সংস্থা।

এদিকে, মেটার সঙ্গে কেন্দ্রের সংঘাতের নজিরও রয়েছে। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় দেশের তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও সরিয়ে দেয় মেটা। পরে অবশ্য তা আবার ফিরিয়ে আনা হয়। সংস্থার এই পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।