মৃত্যুর পর তামিলনাড়ুর মানুষের হবে রজনীকান্তের সম্পত্তি!

বাহাত্তরেও বয়স যেন তাঁর কাছে নেহাতই সংখ্যা! চার দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী ছবির দুনিয়ায় দাপট দেখানো রজনীকান্তের সম্পত্তির অঙ্কও কম নয়। কিন্তু সেই বিপুল সম্পত্তি নিয়ে মৃত্যুর পর পরিবারের জন্য কোনও উত্তরাধিকার রাখার ইচ্ছে নেই ‘আন্না’র। বরং তাঁর সম্পত্তি চলে যাবে তামিলনাড়ুর সাধারণ মানুষের কাজে। এমনই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বাস কন্ডাক্টর থেকে রুপোলি পর্দার মহাতারকা— রজনীকান্তের উত্থান যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তারই মধ্যে চেন্নাইয়ের কোদামবাক্কামে প্রায় সোয়া একর জমির উপর তৈরি ‘রাঘবেন্দ্র মণ্ডপম’ তাঁর অন্যতম উল্লেখযোগ্য সম্পত্তি।

১৯৮৯ সালে তৈরি এই ভবনের সঙ্গে রজনীকান্তের দীর্ঘ স্মৃতি জড়িয়ে। ২০১৫ সালের ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ এবং ত্রাণকর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছিল মণ্ডপমের দরজা। অতীতে ভক্তদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও সেখানে করেছেন অভিনেতা। একসময় ভবনটি ভেঙে তিনতারা হোটেল তৈরির জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

রজনীকান্তের ইচ্ছা, তাঁর মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপম-সহ সংশ্লিষ্ট সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যাবে। সেই সম্পত্তি থেকে যে অর্থ আসবে, তা তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।

কেন এমন সিদ্ধান্ত? রজনীকান্তের ব্যাখ্যাও স্পষ্ট। তাঁর কথায়, তামিলনাড়ুর মানুষই তাঁর সিনেমার টিকিট কিনে তাঁকে এত দূর নিয়ে গিয়েছেন। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সিদ্ধান্ত। এমনকি নিজের পরিবারও এই সম্পত্তি থেকে এক পয়সা পাবে না বলে জানিয়েছিলেন তিনি।

অর্থাৎ পর্দার ‘আন্না’ শেষ পর্যন্ত নিজের সাফল্যের ঋণ শোধ করতে চাইছেন সেই মানুষগুলির কাছেই, যাঁরা তাঁকে চার দশক ধরে মাথায় তুলে রেখেছেন।