জেনসেনের মেয়ের সঙ্গে তর্ক, এনভিডিয়া ছাড়লেন ভারতীয় জয়!

দুই দশকেরও বেশি সময় ধরে জেনসেন হুয়াংয়ের পাশে থেকে এনভিডিয়াকে প্রযুক্তি দুনিয়ার অন্যতম শক্তিশালী সংস্থায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত জয় পুরী। সংস্থার বিশ্বজুড়ে ব্যবসার দায়িত্ব সামলানো এই শীর্ষকর্তার কেরিয়ারে শেষের দিকে এসে ঘটল নাটকীয় মোড়। অভিযোগ, এনভিডিয়া প্রধানের মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের সঙ্গে এক উত্তপ্ত বাক্যবিনিময়ের কয়েক মাসের মধ্যেই সংস্থা ছাড়েন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়া এআই সামিটকে ঘিরে। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করেন জেনসেন। তাঁর বদলে সম্মেলনে যোগ দেওয়ার দায়িত্ব পড়ে জয় পুরীর উপর। আর তাতেই ক্ষুব্ধ হন ম্যাডিসন।

প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনের প্রস্তুতি এবং একাধিক পরিকল্পনা চূড়ান্ত না হওয়ায় একটি কনফারেন্স কলে শীর্ষকর্তাদের উপর চড়াও হন ম্যাডিসন। সেই তালিকায় ছিলেন জয়ও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ম্যাডিসনের চিৎকার থামাতে জয় বলে ওঠেন, ‘‘আপনি যদি আমার উপর চিৎকার করা বন্ধ করেন, তা হলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি।’’

ঘটনার কয়েক মাসের মধ্যেই এনভিডিয়া ছাড়েন জয়। তার আগে অবশ্য তিনি সংস্থায় উপদেষ্টার ভূমিকায় চলে গিয়েছিলেন। তাঁর প্রস্থানের সঙ্গে আরও একটি বিস্ফোরক ঘটনার কথাও সামনে এসেছে। নিউ ইয়র্ক পোস্ট-এর দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এক বন্ধ দরজার বৈঠকে জেনসেনও জয়ের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।

পুরো নাম অজয় কে পুরী। ২০০৫ সালে সান মাইক্রোসিস্টেমসে ২২ বছরের কেরিয়ার শেষ করে এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন তিনি। সংস্থার বিশ্বব্যাপী বিক্রি, ব্যবসা সম্প্রসারণ, অংশীদারিত্ব, ইঞ্জিনিয়ারিং এবং সাপোর্ট পরিষেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক জয় ক্যালটেক থেকে মাস্টার্স এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেন। তাঁর বিদায়ের পর এনভিডিয়ার ওয়ার্ল্ডওয়াইড ফিল্ড অপারেশনের দায়িত্ব পান নিকোলাস পার্কার।