বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফের ভারতের অর্থনীতি নিয়ে সরব রাহুল গান্ধী। আমেরিকায় গিয়ে কংগ্রেসের এই নেতা দাবি করলেন, ‘‘ভারত এক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন।’’ তাঁর অভিযোগ, দেশে ভয়াবহ কর্মহীনতার সংকট চলছে। রাহুলের এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। পাল্টা তাঁকে ‘ভারতবিরোধী প্রচারের নেতা’ বলে আক্রমণ করেছে বিজেপি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আমেরিকার মাটিতে রাহুল বলেন, ‘‘ভারত এক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। এটাই বাস্তব পরিস্থিতি। কেউ কেউ এটা অস্বীকার করতে পারেন। সংবাদমাধ্যমও অস্বীকার করতে পারে। কিন্তু আসল সত্যিটা হল, ভারতে এক বিরাট কর্মহীনতার সংকট চলছে।’’ তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কংগ্রেস-বিজেপির রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে।
বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি সমাজমাধ্যমে রাহুলকে আক্রমণ করে তাঁকে ‘ভারতবিরোধী প্রোপাগান্ডার নেতা’ বলে কটাক্ষ করেছেন। দলের আর এক মুখপাত্র সি আর কেশবন সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘রাহুল যখনই বিদেশে যান, বিষাক্ত মিথ্যা বলে ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন।’’ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে গিয়ে ভারতের মর্যাদা রক্ষার উদাহরণ তৈরি করেন। কোয়াড সম্মেলনের প্রসঙ্গ টেনে কেশবন বলেন, মেঝেতে থাকা ভারতীয় তেরঙ্গার চিহ্ন নজরে পড়তেই মোদী তা সম্মানের সঙ্গে তুলে নিয়েছিলেন। তাঁর দাবি, এর বিপরীতে রাহুল বিদেশে গিয়ে ভারতকে ব্যঙ্গ করা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে উল্লাসে মাতেন।
বিদেশে গিয়ে দেশের পরিস্থিতি নিয়ে রাহুলের মন্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও গণতন্ত্র, পেগাসাস-সহ একাধিক বিষয়ে বিদেশের মাটিতে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বছর তিনেক আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছিল বিজেপি। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, বিদেশের মাটিতে দেশের বদনাম বরদাস্ত করা হবে না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও রাহুলকে নিশানা করেছিলেন।
এ বার সেই কেমব্রিজেই ভারতের অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে রাহুলের মন্তব্য ঘিরে ফের শুরু হল রাজনৈতিক তরজা।