বলিউডের ঝলমলে দুনিয়ায় এ বার রাজকীয় ছোঁয়া। মুম্বই সফরে প্রিন্স উইলিয়াম হাজির হলেন করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসে। সঙ্গে ছিলেন ওয়েলসের রাজবধূ ক্যাথরিন। রাজপুত্রের এই সফরকে ‘‘পরম সৌভাগ্য ও সম্মানের’’ বলে বর্ণনা করলেন করণ। তাঁর কথায়, ভারতীয় সিনেমার বিশ্বজোড়া জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন উইলিয়াম।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সংবাদ সংস্থা এএনআই-কে করণ বলেন, ‘‘ধর্মা প্রোডাকশন্সে তাঁর রয়্যাল হাইনেস প্রিন্স উইলিয়ামের আসা আমাদের জন্য পরম সৌভাগ্য ও সম্মানের। তিনি অত্যন্ত বিনয়ী ও আন্তরিক। ভারতীয় সিনেমার সম্ভাবনা এবং বিভিন্ন ভারতীয় ভাষায় তৈরি ছবিগুলি কী ভাবে সারা বিশ্বে ভালবাসা পাচ্ছে, তা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন।’’
রাজপরিবার এবং বলিউডের এই সাক্ষাতে উপস্থিত ছিলেন অভিনেতা দম্পতি করিনা কাপুর খান ও সইফ আলি খানও। শুধু কথাবার্তাতেই থেমে থাকেনি আয়োজন। করণের ২০০১ সালের জনপ্রিয় ছবি ‘কভি খুশি কভি গম’-এর ‘শাভা শাভা’ গানের তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ঐতিহ্যবাহী পোশাকে তাঁদের প্রাণবন্ত নাচ উপভোগ করেন প্রিন্স উইলিয়াম।
তবে ধর্মা প্রোডাকশন্সে যাওয়ার আগে মুম্বইয়ে ব্যস্ত কর্মসূচি ছিল রাজদম্পতির। টেকসই বস্ত্রশিল্প নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে লোয়ার প্যারেলের চাণক্য স্কুল অব ক্রাফটে যান তাঁরা। পাশাপাশি কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে গলি ক্রিকেট খেলা, মুম্বই মেট্রোয় যাত্রা এবং আর্থশট প্রাইজ ইমপ্যাক্ট অ্যাসেম্বলিতেও অংশ নেন।
মঙ্গলবার বান্দ্রা রিক্লেমেশন গার্ডেনে আরও এক অভিনব মুহূর্ত তৈরি হয়। মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটির তৈরি বৈদ্যুতিক তিনচাকার গাড়ির চালকের আসনে বসেন উইলিয়াম। পাশে ছিলেন ক্যাথরিন। পরে ২০২৬ সালের আর্থশট প্রাইজের ১৫ জন ফাইনালিস্টের সঙ্গেও কথা বলেন তিনি।
মুম্বইয়েই অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী। ‘ক্লিন আওয়ার এয়ার’ বিভাগে পুরস্কার পেয়েছে ভারতের মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি। বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হয়েছে ১০ লক্ষ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা। পরিবেশরক্ষায় নতুন প্রযুক্তি ও উদ্যোগকে উৎসাহ দিতেই ২০২০ সালে এই পুরস্কার চালু করেছিলেন প্রিন্স উইলিয়াম।