কুলগামে খতম ‘শেষ স্থানীয় জঙ্গি’ লতিফ ভাট!

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তইবার (এলইটি) কমান্ডার মহম্মদ লতিফ ভাট। বুধবার ভোরে সেনা, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে মৃত্যু হয়েছে তার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, উপত্যকায় লস্করের সক্রিয় স্থানীয় জঙ্গিদের মধ্যে ভাটই ছিল ‘শেষ পরিচিত মুখ’।

সমাজমাধ্যমে এক্স-এ অভিযানে যুক্ত নিরাপত্তাকর্মীদের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘‘জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থার সমন্বিত অভিযানে কুলগামে লস্করের উপত্যকার শেষ পরিচিত সক্রিয় স্থানীয় জঙ্গি লতিফ ভাট খতম হয়েছে।’’ অভিযানে নিরাপত্তাবাহিনীর মধ্যে অত্যন্ত ভাল সমন্বয় ছিল বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের জন্য লড়াই করা জওয়ানদের কুর্নিশ জানান কেন্দ্রীয় মন্ত্রী।

পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিল ভাট। বার বার তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও সে তা মানেনি। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার। তবে অভিযানের সময় মসজিদের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কাশ্মীর জ়োন পুলিশ জানিয়েছে, সংঘর্ষস্থল থেকে ভাটের দেহের পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, মৃত জঙ্গির পরিচয় মহম্মদ লতিফ ভাট, বাড়ি কুলগামের খ্রেওয়ান এলাকায়।

এই অভিযানের আগের দিনই কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল লস্করের আর এক সহযোগী উমর নিসার দারের। পুলিশ জানিয়েছে, ১০ নভেম্বর লতিফ ভাটের সঙ্গে একাধিক জায়গায় ঘুরে নিরাপত্তাবাহিনীর গতিবিধি খতিয়ে দেখেছিল উমর। হামলার আগে লক্ষ্য চিহ্নিত করার কাজ করেছিল সে।

জম্মু-কাশ্মীর পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে মির বার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় উমরকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে দাবি পুলিশের। ওই জায়গাগুলিতে নিরাপত্তাবাহিনীর সদস্যদের গতিবিধি নজরে রেখে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলেই তদন্তকারীদের অনুমান।

পরপর দু’দিনে লতিফ ও উমরের মৃত্যুতে কুলগামে নিরাপত্তা অভিযানে বড় সাফল্য মিলেছে বলে দাবি প্রশাসনের। বিশেষ করে উপত্যকায় লস্করের স্থানীয় নেতৃত্বের ক্ষেত্রে এই অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।