বিয়ের মরসুমে ‘সোনার দিন’!

সোনার দাম কিছুটা কমেছে। সামনে বিয়ের মরসুম। ফলে ভারতে ফের চাঙ্গা হতে পারে সোনার গয়নার বাজার। এমনই ইঙ্গিত দিল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (WGC)-এর সাম্প্রতিক রিপোর্ট। তবে সোনার দাম ফের উল্লেখযোগ্য ভাবে বেড়ে গেলে ক্রেতাদের উৎসাহে ভাটা পড়তে পারে বলেও সতর্ক করেছে তারা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

WGC-র রিপোর্টে বলা হয়েছে, ধনতেরাস এবং দীপাবলির মতো গুরুত্বপূর্ণ উৎসবের সময় ভারতে সোনার চাহিদা যথেষ্ট ভাল ছিল। দেশের বিভিন্ন প্রান্তের গয়না ব্যবসায়ীরা ক্রেতার সংখ্যা এবং বিক্রি—দু’টিই বাড়ার কথা জানিয়েছেন। গয়না ছাড়াও সোনার বার এবং কয়েনের চাহিদাও ছিল ভাল।

ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, উৎসবের মরসুমে মূল্য হিসাবে সোনার চাহিদা গত বছরের তুলনায় প্রায় ১৫ থেকে ২৫ শতাংশ বেড়েছে। যদিও পরিমাণের হিসাবে বিক্রি মোটের উপর স্থির ছিল অথবা সামান্য বেড়েছে। গয়নার বিক্রি গত বছরের তুলনায় ভাল হলেও ক্রেতাদের একাংশ অপেক্ষাকৃত হালকা ওজনের গয়না কিনেছেন। নতুন নকশা, বিশেষ ছাড় এবং হালকা গয়না ক্রেতা টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানিয়েছে WGC।

আর একটি বিষয়ও নজরে এসেছে। বহু গয়নার দোকানে মোট বিক্রির ৪০ থেকে ৬০ শতাংশ এসেছে পুরনো সোনা বদলে নতুন গয়না নেওয়ার মাধ্যমে। তবে সোনার দাম কমার সঙ্গে সঙ্গে এই ধরনের লেনদেনে কোথাও কোথাও সামান্য পতনও দেখা গিয়েছে।

আন্তর্জাতিক বাজারেও গত কয়েক মাসে সোনার দর চাপে রয়েছে। আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়তে পারে—এই প্রত্যাশা, শক্তিশালী ডলার এবং লগ্নিকারীদের বিক্রির চাপে অক্টোবরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৬.৩ শতাংশ কমে আউন্সপিছু ৩,৯১৩ ডলারে নেমেছিল। ১২ নভেম্বর তা আরও কমে হয়েছে ৩,৮৭০ ডলার।

তবে দাম কমলেও লগ্নিকারীদের আগ্রহ একেবারে কমেনি। অক্টোবরে ভারতীয় গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা গোল্ড ETF-এ টানা পঞ্চম মাসে নিট লগ্নি এসেছে। অর্থাৎ, অনেক বিনিয়োগকারী দাম কমার সুযোগে সোনা কিনছেন।

দেশীয় বাজারেও বুধবার ২৪ ক্যারাট সোনার দাম ২.৩৩ শতাংশের বেশি কমে ১০ গ্রামে ১,৩১,০৯৫ টাকা হয়েছে। গত তিন মাসে দাম ইতিমধ্যেই ১৫ শতাংশের বেশি সংশোধন করেছে। ফলে বিয়ের মরসুমে এই নিম্নমুখী দর গয়নার বাজারে নতুন করে চাহিদা তৈরি করতে পারে বলেই মনে করছে WGC।