নভেম্বরের দৌড়ে লাগল ব্রেক। টানা উত্থানের পর বুধবার মুনাফা তুলে নেওয়ার চাপে লাল হল ভারতীয় শেয়ার বাজার। সেনসেক্স পড়ল ৫০০ পয়েন্টেরও বেশি, নিফটি হারাল ১৫৯ পয়েন্ট। ধাক্কা খেল ধাতু, অটো এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। তবে বিদেশি লগ্নি ও কমতে থাকা অপরিশোধিত তেলের দাম কিছুটা স্বস্তি দিয়েছে বাজারকে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বুধবার লেনদেন শেষে সেনসেক্স ৫০০.৩৮ পয়েন্ট বা ০.৬১ শতাংশ নেমে থামেছে ৮২,০৩১.৮১-তে। নিফটি ৫০ পড়েছে ১৫৯.৪৫ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ। সূচক থেমেছে ২৫,২২৭.৯৫-এ। নভেম্বরের শুরু থেকে বাজারে যে টানা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিল, তার পরেই এ দিন মুনাফা তুলে নেওয়ার প্রবণতা জোরদার হয়।
বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকার ফেডারেল রিজ়ার্ভের আধিকারিকদের সাম্প্রতিক কড়া বার্তা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। সুদের হার আরও বাড়তে পারে—এই আশঙ্কায় শক্তিশালী হয়েছে ডলার। তার প্রভাব পড়েছে সোনা-সহ সুদ না-দেওয়া সম্পদে। একই সঙ্গে দেশীয় বন্ডের ফলন বাড়ায় শেয়ারের মূল্যায়ন নিয়েও চাপ তৈরি হয়েছে।
বাজারের বৃহত্তর অংশেও ছবিটা ছিল হতাশাজনক। নিফটি ১০০ কমেছে ০.৭৮ শতাংশ। মিডক্যাপ ১০০ পড়েছে ১.২১ শতাংশ এবং স্মলক্যাপ ১০০ কমেছে ০.৩৪ শতাংশ।
ক্ষেত্রভিত্তিক সূচকে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ধাতু। নিফটি মেটাল পড়েছে ২ শতাংশেরও বেশি। অটো সূচক কমেছে ১.৩৯ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি সূচকও ১ শতাংশের বেশি নেমেছে। রিয়েলটি সূচকের পতন ০.৫ শতাংশ। বিপরীতে এফএমসিজি ০.১৭ শতাংশ, ফার্মা ০.৪০ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূচক ০.৪৪ শতাংশ বেড়েছে।
এ দিন কমেছে সোনা-রুপোর দামও। ২৪ ক্যারাট সোনা ২.৩৩ শতাংশের বেশি পড়ে ১০ গ্রামে হয়েছে ১,৩১,০৯৫ টাকা। গত তিন মাসে সোনার দাম ১৫ শতাংশেরও বেশি কমেছে। রুপোও ৩.৪২ শতাংশ পড়ে কেজিতে ১,৬৩,৯০১ টাকা।
অন্য দিকে, শক্তিশালী হয়েছে টাকা। ডলারের তুলনায় ২৪ পয়সা বেড়ে ৯৩.২৭-তে পৌঁছেছে ভারতীয় মুদ্রা। অপরিশোধিত তেলের দাম কমা এবং চলতি মাসে বিদেশি লগ্নিকারীদের ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগকে এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। Brent crude-ও প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপিছু ৯২ ডলারে নেমেছে।
এশিয়ার বাজারে অবশ্য মিশ্র ছবি। জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার বাজার উঠলেও সিঙ্গাপুর ও হংকংয়ে পতন হয়েছে।