ফের ফুলেরায় ফিরছেন অভিষেক-প্রধানজি!

ফুলেরায় ফের শুরু হবে রাজনৈতিক টানাপড়েন, প্রেম, ঝগড়া আর গ্রাম্য রাজনীতির হাস্যরস। অপেক্ষার অবসান। জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজ়নের মুক্তির দিন ঘোষণা করল নির্মাতারা। বুধবার ‘অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো’-র তরফে জানানো হয়েছে, আগামী ৩ ডিসেম্বর থেকে দেখা যাবে ‘পঞ্চায়েত ৫’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

দ্য ভাইরাল ফিভার (TVF)-এর প্রযোজনায় তৈরি এই নতুন সিজ়নেও ফিরছেন সিরিজ়ের চেনা মুখেরা। অভিষেক ত্রিপাঠীর চরিত্রে জিতেন্দ্র কুমার, প্রধানজির ভূমিকায় রঘুবীর যাদব, মঞ্জু দেবীর চরিত্রে নীনা গুপ্তা, ক্রান্তি দেবীর ভূমিকায় সুনীতা রাজওয়ার, প্রহ্লাদের চরিত্রে ফয়জ়ল মালিক এবং বিনোদে চন্দন রায়কে দেখা যাবে। এ ছাড়াও সানভিকা, দুর্গেশ কুমার এবং অশোক পাঠকও তাঁদের পরিচিত চরিত্রে ফিরছেন। সিরিজ়টি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র।

সমাজমাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতারা লিখেছেন, ‘‘থোড়ি তকরার, থোড়া পেয়ার রেহেগা, ফুলেরায় মে আপকা ইন্তেজ়ার রেহেগা।’’ অর্থাৎ, ফুলেরায় আবারও ঝগড়া-ভালবাসার মিশেলে জমবে গল্প।

নতুন সিজ়নে অবশ্য ফুলেরার ক্ষমতার সমীকরণ বদলে গিয়েছে। নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বার ফুলেরায় নতুন শাসক। আর ‘বানরাকস’ নতুন ‘প্রধানপতি’ হয়ে কী পরিকল্পনা করছেন, তা নিয়েই তৈরি হয়েছে মূল কৌতূহল। তাঁর প্রতিশ্রুতি কি সত্যিই ফুলেরার চেহারা বদলাবে, নাকি সবটাই নিছক চমক—সেই প্রশ্নের উত্তর মিলবে নতুন সিজ়নে।

ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বাড়বে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, পুরনো সম্পর্কের সমীকরণেও আসবে বদল। অর্থাৎ, ফুলেরায় নতুন ক্ষমতা মানেই নতুন শত্রুতা এবং নতুন সংঘাত—এমনই ইঙ্গিত দিয়েছে নির্মাতারা।

ইঞ্জিনিয়ারিং পাশ করেও চাকরি না পেয়ে উত্তরপ্রদেশের কাল্পনিক গ্রাম ফুলেরার গ্রাম পঞ্চায়েতের সচিবের চাকরি নিতে বাধ্য হওয়া অভিষেককে ঘিরেই তৈরি এই সিরিজ়। ২০২০ সালে প্রথম সিজ়ন মুক্তির পর থেকেই দর্শকের মন জয় করেছে ‘পঞ্চায়েত’। এখন দেখার, পঞ্চম সিজ়নে সেই জনপ্রিয়তা কতটা ধরে রাখতে পারে ফুলেরার নতুন গল্প।