বলিউডে পা রাখার পর কেটে গিয়েছে প্রায় দেড় দশক। বাণিজ্যিক ছবির নায়িকা থেকে অভিনয়ের জন্য আলাদা পরিচিতি—ক্রমশ বদলেছে আলিয়া ভাটের কেরিয়ার। এ বার সেই যাত্রাতেই আন্তর্জাতিক স্বীকৃতির নতুন পালক। ‘টাইম’ ম্যাগাজিনের প্রথম ‘TIME100 Next India’ তালিকার প্রচ্ছদে জায়গা পেলেন আলিয়া। অভিনয়ের পাশাপাশি কঠিন ও বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়া এবং ছবির সেটে মহিলাদের কাজের পরিবেশ উন্নত করার পক্ষে তাঁর অবস্থানকেও গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক পত্রিকাটি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সমাজমাধ্যমে আলিয়াকে কভার স্টার হিসাবে ঘোষণা করে ‘টাইম’ তাঁকে ‘বলিউড আইকন’ বলে উল্লেখ করেছে। ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে প্রথম বড় চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। তবে ২০১৪ সালে ইমতিয়াজ আলির ‘হাইওয়ে’ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। অপহরণের পর আত্মঅন্বেষণের পথে হাঁটা ভীরা ত্রিপাঠীর চরিত্রে তাঁর অভিনয় দর্শক-সমালোচককে নতুন করে চিনিয়েছিল অভিনেত্রীকে।
এর পর একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরেছেন আলিয়া। ‘উড়তা পাঞ্জাব’-এ পঞ্জাবের মাদকচক্রে জড়িয়ে পড়া বিহারি শ্রমিকের চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ‘টু স্টেটস’-এর মতো বাণিজ্যিক ছবি যেমন করেছেন, তেমনই ‘রাজি’, ‘ডিয়ার জ়িন্দেগি’ এবং ‘গাল্লি বয়’-এর মতো ছবিতে অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন। ভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ই হয়ে উঠেছে তাঁর অন্যতম পরিচয়।
শুধু পর্দার অভিনয় নয়, ছবির সেটে মহিলাদের জন্য আরও ভাল ও নিরাপদ কাজের পরিবেশ তৈরির পক্ষেও সরব হয়েছেন আলিয়া। সেই ভূমিকার কথাও তুলে ধরেছে ‘টাইম’।
সম্প্রতি মুম্বইয়ে ‘আর্থশট প্রাইজ় ২০২৬’-এর গ্রিন কার্পেটেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। রিতু কুমারের ডিজাইন ব্ল্যাক অ্যান্ড অ্যান্টিক-গোল্ড পোশাকে হাজির হয়েছিলেন তিনি।
কাজের দিক থেকেও ব্যস্ত আলিয়া। সামনে ‘তুম্বাড ২’-এ সোহম শাহের সঙ্গে দেখা যাবে তাঁকে। পাশাপাশি সঞ্জয় লীলা ভন্সালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন তিনি। ২০১২-র নবাগতা থেকে আজকের বলিউড তারকা—আলিয়ার সেই পথচলায় ‘TIME100 Next India’-র পাতা নিঃসন্দেহে নতুন একটা মাইলফলক।