ইন্দো-প্যাসিফিকে ‘চিন-চ্যালেঞ্জ’, কৌশলী পদক্ষেপ ভারতের

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত বদলাচ্ছে কৌশলগত সমীকরণ। সেই আবহেই জাপানের সঙ্গে প্রতিরক্ষা ও কূটনৈতিক সহযোগিতা আরও মজবুত করার বার্তা দিল ভারত। বৃহস্পতিবার টোকিয়োয় জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজ়ুমির সঙ্গে চতুর্থ ‘২+২’ বৈঠকে বসলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভারত ও জাপান দু’দেশই ‘মুক্ত, অবাধ, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক’ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার পক্ষে নিজেদের অবস্থান ফের স্পষ্ট করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ও সরঞ্জাম সহযোগিতা বাড়ানো, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, তিন বাহিনীর যৌথ মহড়ার পরিধি ও দক্ষতা বাড়ানো এবং প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।

২০২৬ সালে জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজ়ুমির সঙ্গে এটি রাজনাথের তৃতীয় বৈঠক। অগস্টে নয়াদিল্লিতে এবং অক্টোবরে সেবুতে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আলোচনার ধারাবাহিকতাতেই এ দিনের বৈঠক। এর পাশাপাশি জয়শঙ্করের সঙ্গে জাপানের বিদেশমন্ত্রীর ১৯তম ভারত-জাপান বিদেশমন্ত্রী পর্যায়ের কৌশলগত বৈঠকও হওয়ার কথা।

এর আগে বুধবার টোকিয়োয় জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরে কোইজ়ুমির সঙ্গে দেখা করেন রাজনাথ। পরে ইয়োকোসুকায় জাপান মেরিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের নৌঘাঁটি ঘুরে ‘মোগামি’ শ্রেণির যুদ্ধজাহাজ ‘জেএস নাতোরি’ পরিদর্শন করেন তিনি। রাজনাথের বক্তব্য, দুই দেশের ক্রমবর্ধমান সামুদ্রিক সহযোগিতা পারস্পরিক আস্থা এবং মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি যৌথ দায়বদ্ধতার প্রতিফলন।

অন্য দিকে, ‘রাইসিনা টোকিয়ো ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে জয়শঙ্কর বলেন, বদলে যাওয়া বিশ্বব্যবস্থায় ভারত ও জাপানের ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন আরও বেড়েছে। সম্পদ ও প্রযুক্তির ব্যবহারকে হাতিয়ার করা, অর্থনৈতিক ঝুঁকি কমানো এবং বিশ্ব রাজনীতিতে ‘বিশ্বস্ত অংশীদার’-এর গুরুত্ব বৃদ্ধির মতো বিষয় তুলে ধরে তাঁর বার্তা—নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরস্পরের শক্তিকে কাজে লাগাতে হবে।

চিনের ক্রমবর্ধমান প্রভাবের মাঝে ভারত-জাপান প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কের এই তৎপরতা তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।