রাজনীতির মঞ্চে বক্তৃতা করতে গিয়ে হঠাৎই ঘরের দরজা খুলে দিয়েছিলেন রাহুল গান্ধী। মা সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging’-এর প্রকাশ অনুষ্ঠানে বাবা-মায়ের ব্যক্তিগত মুহূর্তের কথা প্রকাশ্যে আনেন তিনি। আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা থেকে সামাজিক বিতর্ক—‘কী বলা যায়, আর কী বলা উচিত নয়?’

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বাবা রাজীব গান্ধী এবং মা সনিয়ার সঙ্গে পারিবারিক নৈশভোজের স্মৃতি বলতে গিয়ে তাঁদের পারস্পরিক ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে আনেন রাহুল। তিনি বলেন, ‘‘খাবার খাওয়ার সময় বাবা থাকতেন, আর বাবার কোলে থাকতেন মা। আমার কাছে এটি খুবই স্বাভাবিক একটি বিষয় বলে মনে হত। আমি একবার আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, তোমার মা তোমার বাবার কোলে বসে না কেন?” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা-নেত্রী-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় রাহুলের মন্তব্য পৌঁছে যায় দেশের ঘরে ঘরে। তার পরেই সমাজমাধ্যম, টেলিভিশন এবং ইউটিউবের আলোচনায় বিষয়টি নিয়ে শুরু হয় তর্ক।
বিজেপির এক মুখপাত্রের দাবি, ভারতীয় সংস্কৃতি ও পরম্পরায় এমন প্রকাশ্য আলোচনা স্বাভাবিক নয়।
টেলিভিশন চ্যানেলগুলিতেও প্রশ্ন উঠেছে—রাহুলের এই ‘খোলামেলা’ কথাবার্তা কি অনুচিত, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক গাম্ভীর্যের বাইরে এক পরিবারের ব্যক্তিগত স্মৃতির স্বাভাবিক প্রকাশ?
সমাজমাধ্যমে অবশ্য মত দ্বিধাবিভক্ত। কেউ রাহুলকে ‘অতিরিক্ত স্পষ্ট’ হওয়ার জন্য কটাক্ষ করেছেন, কেউ আবার তাঁর বক্তব্যে পরিবারের প্রতি ভালবাসার প্রকাশ দেখেছেন। সাংবাদিক বরখা দত্তের মতে, এই মন্তব্য নেতাদেরও ভালবাসা, সম্পর্ক এবং ব্যক্তিগত অনুভূতি নিয়ে কথা বলার ‘নতুন দরজা’ খুলেছে। আবার শোভা দে মন্তব্য করেছেন, বিষয়টি তাঁর কাছে অস্বস্তিকর এবং রাজনৈতিক ভাবে একটি হারানো সুযোগ।
অন্য দিকে, সাংবাদিক রবীশ কুমার বিষয়টিকে পরিবারের প্রতি ভালবাসার জায়গা থেকে দেখেছেন। তাঁর বক্তব্য, ঘৃণার আবহে একটি ভালবাসায় ভরা পরিবারের ছবি মানুষের কাছে আবেদন তৈরি করতে পারে।
শেষ পর্যন্ত রাহুলের মন্তব্য যে প্রশ্নটি সামনে এনেছে, তা শুধু রাজনীতি নয়—ব্যক্তিগত পরিসর, শালীনতার সংজ্ঞা এবং প্রকাশ্য জীবনে ব্যক্তিগত স্মৃতির সীমারেখা কোথায়, সেই পুরনো বিতর্কই যেন নতুন করে সামনে এল।