মধ্যরাতে শামিম আহমেদের বাড়িতে CID হানা!

একের পর এক বিতর্ক ও অভিযোগের আবহে এবার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিল সিআইডি ও পুলিশের যৌথ দল। বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় বিধায়কের বাড়ির সামনে পৌঁছন তদন্তকারীরা। দীর্ঘক্ষণ বাড়ির গেটে ধাক্কাধাক্কি করার পাশাপাশি ডাকাডাকিও করেন তাঁরা। কিন্তু এত কিছুর পরেও বিধায়কের দেখা মেলেনি। মধ্যরাতে বিধায়কের বাড়িতে সিআইডি ও পুলিশের এই যৌথ অভিযান ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারে জমি দখল সংক্রান্ত একটি মামলার তদন্ত করছে সিআইডি। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে একটি পরিবারের প্রায় ১.৮৫ একর জমির মালিকানা বদল করিয়ে নেওয়া হয়েছিল। ডায়মন্ড হারবারের বাসিন্দা এক মহিলা এই অভিযোগ সামনে আনেন। তাঁর দাবি, গত বছর অগস্ট মাসে শামিম আহমেদ ও তাঁর দলবল বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিলেন। রাজনৈতিক প্রভাবের কারণে সেই সময় স্থানীয় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ ওই মহিলার। এমনকি অভিযুক্তদের প্রভাবের কারণে এতদিন মুখ খুলতেও সাহস পাননি বলে দাবি তাঁর। ওই জমি দখল মামলায় অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় নাম রয়েছে বিধায়ক শামিম আহমেদের।

অন্যদিকে, সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনাতেও নাম জড়িয়েছে শামিম আহমেদের। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। এই ঘটনায় বিধায়কের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। যদিও শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শামিম আহমেদ। তাঁর দাবি, পরিকল্পিত চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সরিষার দলীয় কার্যালয় থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্ত নিয়ে ডায়মন্ড হারবার পুলিশের ভূমিকা এবং তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করার পাশাপাশি গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে আদালতের কাছে রক্ষাকবচও চেয়েছেন শামিম।

আর এই পরিস্থিতিতেই বুধবার গভীর রাতে বিধায়কের বাড়িতে সিআইডি ও পুলিশের যৌথ অভিযান ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তদন্তকারীরা ঠিক কী কারণে রাতে বিধায়কের বাড়িতে পৌঁছেছিলেন, বাড়িতে বিধায়ক না থাকায় তাঁরা কী পদক্ষেপ করেছেন এবং আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে মধ্যরাতের এই অভিযান সম্পর্কে এখনও পর্যন্ত সিআইডি কিংবা পুলিশের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধায়কের পক্ষ থেকেও এই অভিযান নিয়ে বিস্তারিত বক্তব্য সামনে আসেনি। ফলে জমি দখল মামলা এবং সরিষায় টাকা উদ্ধারের ঘটনাকে ঘিরে শামিম আহমেদকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা অব্যাহত।