সুমিত রায়ের আইনি রক্ষাকবচের আর্জি খারিজ!

আইনি জটিলতা আরও বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে তাঁর আগাম সুরক্ষার আবেদন খারিজ হয়ে গেল। ফলে চারটি মামলায় আপাতত কোনও আইনি রক্ষাকবচ পেলেন না তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এর আগে শালবনি জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় সুমিতকে সুরক্ষা দিয়েছিল আদালত। কিন্তু বাকি চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। সেই মামলাগুলিতেও আগাম অন্তর্বর্তী জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবারের শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেনি হাই কোর্ট। ফলে একটি মামলা বাদে বাকি চারটি মামলায় আইনি সুরক্ষা অধরাই রইল অভিষেকের আপ্তসহায়কের।

শালবনি জমি দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার করা হয়েছিল সুমিত রায়কে। এরপর আরও চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায় রাজ্যের তদন্তকারী সংস্থা। বর্তমানে তিনি সিআইডি হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতিতে আইনি সুরক্ষার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত। আদালতে তাঁর পক্ষ থেকে মূলত দুটি আবেদন জানানো হয়েছিল। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে যাতে নতুন করে কোনও ফৌজদারি মামলা দায়ের না করা হয়, প্রথমে সেই আর্জি জানান তিনি। পাশাপাশি, যে মামলাগুলিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলিতে যাতে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করা হয়, সেই আবেদনও করেন।

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। সুমিতের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির কয়েকটি ছয় থেকে আট বছরের পুরনো। ফলে সেগুলির বর্তমান প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই যুক্তিতেই সুমিতের জন্য আইনি রক্ষাকবচের আবেদন জানানো হয়। তবে তাঁর আইনজীবীর এই সওয়াল গ্রহণ করেননি বিচারপতি। খারিজ হয়ে যায় সুমিতের আবেদন।