শিল্পমহলকে গান্ধীর স্বদেশির বার্তা মনে করালেন মোদী

‘স্বদেশি’ এবং আত্মনির্ভরতার বার্তা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। প্রায় একশো বছর পরেও সেই একই কথা বলতে হচ্ছে তাঁকে! বৃহস্পতিবার দিল্লিতে ফিকি-র বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে শিল্পমহলকে উদ্দেশ করে এমনই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রশ্ন, ‘‘১০০ বছর কেটে গেল, ১৯৩০ সালে গান্ধীজি যে বার্তা দিয়েছিলেন, আজও আমাকে সেই কথাই বলতে হচ্ছে। এটা কি আপনাদের সাফল্য, না ব্যর্থতা?’’

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

‘ভারত ২০৪৭’ শীর্ষক ফিকি সম্মেলনে মোদীর বার্তা, দেশকে আত্মনির্ভর করে তুলতে শিল্পপতিদের আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে ওষুধ শিল্পে বিদেশ-নির্ভরতা কমানোর উপর জোর দেন তিনি। তাঁর বক্তব্য, ভারতকে ‘বিশ্বের ওষুধের ভাঁড়ার’ বলা হলেও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই), বাল্ক ড্রাগ এবং ওষুধ তৈরির কাঁচামালের জন্য এখনও বিপুল অর্থে বিদেশের উপর নির্ভর করতে হয়। দেশেই এই উপাদান উৎপাদন এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

কৃষিক্ষেত্রেও শিল্পের বিনিয়োগ বাড়ানোর কথা বলেন মোদী। বিদেশের বাজারের চাহিদা বুঝে কৃষিপণ্য উৎপাদন ও নির্ভরযোগ্য সংগ্রহব্যবস্থা তৈরির পরামর্শ তাঁর। তাঁর কথায়, ভারতীয় পণ্যই যেন বিশ্বের বাজারে দেশের পরিচয় হয়ে ওঠে।

একই সঙ্গে শিল্পমহলকে ‘পুরনো অভ্যাস’ বদলের বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় ক্রেতাদের শুধু নিশ্চিত বাজার ধরে নিয়ে নিম্নমানের পণ্য বিক্রি করা যাবে না বলে সতর্ক করেন তিনি। ‘‘১৪০ কোটি ভারতীয় কি ভাল মানের পণ্য পাওয়ার যোগ্য নন?’’ প্রশ্ন মোদীর। তাঁর দাবি, ‘এক্সপোর্ট কোয়ালিটি’ শব্দটি শুনিয়ে দেশের ক্রেতাদের ভাল পণ্য বিক্রি করার মানসিকতা বদলাতে হবে।

পাশাপাশি কর-ব্যবস্থার সংস্কারের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। করদাতাদের ‘সন্দেহভাজন’ না দেখে সম্মান দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। তাঁর দাবি, ২০১৪ সালের ৩০ শতাংশ থেকে কর্পোরেট করের হার কমে ২২ শতাংশ হয়েছে এবং ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় এখন করমুক্ত।

মোদীর আরও দাবি, অক্টোবর মাসে ভারতের পণ্য রফতানি প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে—যা মাসিক হিসাবে সর্বোচ্চ। তাঁর কথায়, সংস্কারের ‘এক্সপ্রেস’ গতিতে এগোচ্ছে দেশ। ফিকির শতবর্ষের প্রাক্কালে শিল্পমহলের উদ্দেশে তাঁর আহ্বান—আত্মনির্ভর ভারত গড়ার কাজে এ বার আরও বড় ভূমিকা নিক বেসরকারি শিল্প।