৬০ কোটির অনুদান! কাটমানি বন্ধের বার্তা দিলীপ ঘোষের

বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার ফতেপুর এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শৌচাগার নির্মাণের জন্য আবেদনকারীদের হাতে আর্থিক অনুদান প্রদান থেকে শুরু করে কঠিন বর্জ্য নিষ্কাশনের জন্য ই-রিকশার উদ্বোধন—একাধিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব শৌচাগার দিবস। পাশাপাশি আবর্জনা পরিষ্কারের কাজে যুক্ত পরিবেশ বন্ধুদের হাতে সুরক্ষার জন্য সেফটি কিট তুলে দেন পঞ্চায়েতমন্ত্রী।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন দফতর এবং খাদ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাংশু পাণ্ডা-সহ জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সরকারি প্রকল্পের সুবিধা যাতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানানো হয়।

অনুষ্ঠান সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে শৌচাগার নির্মাণের জন্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬০ কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি টাকা। একই দিনে এই জেলার প্রায় ২৫০০টি পরিবার এই প্রকল্পের সুবিধার আওতায় এসেছে। অন্যদিকে, রাজ্যজুড়ে মোট ২৫ হাজার উপভোক্তা পরিবার এই আর্থিক সুবিধা পেতে চলেছে।

শৌচাগার নির্মাণের অনুদান প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ জোর দেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, আগের সরকারের আমলে শৌচাগার নির্মাণের টাকা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি ও কাটমানি আদায়ের অভিযোগ ছিল। কিন্তু বর্তমান সরকার সেই ব্যবস্থায় পরিবর্তন এনেছে। এবার থেকে কোনও মধ্যস্থতাকারী বা রাজনৈতিক নেতার কাছে যেতে হবে না উপভোক্তাদের। সরাসরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবেদন করতে পারবেন তাঁরা।

পঞ্চায়েতমন্ত্রী জানান, আবেদনকারীদের প্রথম পর্যায়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ হাজার টাকা পাঠানো হবে। পাশাপাশি প্রয়োজনীয় অনুমতিপত্রও দেওয়া হবে। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে সম্পূর্ণ শৌচাগার নির্মাণের কাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ে আরও ৬ হাজার টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ শৌচাগার নির্মাণের জন্য মোট ১২ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন উপভোক্তারা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবাস যোজনা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। তাঁর দাবি, আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তা টাকা পেলেও তাঁদের মধ্যে অনেকেই প্রকৃত যোগ্য নন। ইতিমধ্যেই প্রায় ১২০০ জন উপভোক্তা সরকারি টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেন তিনি। বাকিরাও ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছেন বলে জানান মন্ত্রী।

দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ডিসেম্বরের মধ্যে বাকি উপভোক্তারা টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে। এমনকি আইন অনুযায়ী গ্রেপ্তারির প্রক্রিয়াও শুরু হতে পারে। তাঁর অভিযোগ, বিগত সরকারের আমলে আবাস যোজনার ক্ষেত্রে যথাযথ যাচাই ছাড়াই বহু ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছিল। বর্তমানে রাজ্য সরকার সমস্ত বিষয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

অন্যদিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ও আবহাওয়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পঞ্চায়েতমন্ত্রী। তিনি জানান, সম্ভাব্য পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রশাসন সজাগ রয়েছে।

সব মিলিয়ে বিশ্ব শৌচাগার দিবসের মঞ্চকে সামনে রেখে একদিকে যেমন শৌচাগার নির্মাণে আর্থিক সহায়তা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মতো পরিষেবার সূচনা হল, তেমনই আবাস যোজনার অনিয়মের অভিযোগে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী।