মোদীর আমন্ত্রণে দিল্লি আসছেন নেপালের প্রধানমন্ত্রী!

নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে নতুন সমীকরণ তৈরির পথে ভারত-নেপাল সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী ২২ থেকে ২৩ নভেম্বর ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শুক্রবার নেপালের বিদেশসচিব অমৃত বাহাদুর রাই জানান, শাহের সঙ্গে থাকবেন ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধি দল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রতিনিধি দল নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হবেন শাহ। সফরের মূল পর্বে সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে বসবেন তিনি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, জ্বালানি এবং পারস্পরিক সহযোগিতার একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকের পর ভারত ও নেপালের প্রধানমন্ত্রী যৌথ ভাবে বেশ কয়েকটি জ্বালানি-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি বা সমঝোতাপত্র স্বাক্ষর এবং বিনিময় হবে। বৈঠক শেষে মোদী ও শাহ যৌথ সাংবাদিক বৈঠকেও বক্তব্য রাখবেন। পরে সফররত নেপালের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন মোদী।

দিল্লি সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন শাহ। পাশাপাশি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে তাঁর। ভারত-নেপাল বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে আয়োজিত নেপাল-ইন্ডিয়া বিজ়নেস ফোরামেও অংশ নেবেন নেপালের প্রধানমন্ত্রী।

ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক ভাবে ভারত-নেপালের সম্পর্ক বহু পুরনো। ১৯৫০ সালের ভারত-নেপাল শান্তি ও মৈত্রী চুক্তি এবং প্রায় ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি। দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক বোঝাতে দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয় ‘রোটি-বেটি কা রিশ্তা’ কথাটি।

তবে সময়ের সঙ্গে সেই ঐতিহ্যগত সম্পর্কের পাশাপাশি অর্থনীতি, জ্বালানি এবং ডিজিটাল ক্ষেত্রে সহযোগিতাও গুরুত্ব পাচ্ছে। নেপালের নতুন রাজনৈতিক নেতৃত্বের সময়ে শাহের প্রথম দিকের গুরুত্বপূর্ণ বিদেশ সফরগুলির মধ্যে ভারত সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দিল্লির বৈঠকে দুই দেশের সম্পর্কের আগামী দিনের দিকনির্দেশ আরও স্পষ্ট হতে পারে।