অভিষেককে দেখেই ‘চোর চোর’ স্লোগান! রণক্ষেত্র গিরিশ পার্ক!

শুক্রবার কলকাতার গিরিশ পার্ক থানায় হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে থানার বাইরে জড়ো হন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকেরা। অভিষেক থানায় পৌঁছতেই বিজেপি কর্মীরা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পালটা স্লোগান তোলেন তৃণমূল কর্মীরাও। দুই দলের সমর্থকদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে স্লোগান-পালটা স্লোগান চলতে থাকে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

অভিযোগকারী আইনজীবী নাজিয়া খানের দাবি, ২০২৬ সালের ৩১ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তের জন্যই ২০ নভেম্বর তাঁকে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এবং নিজের বক্তব্য জানাতে নোটিস পাঠিয়েছিল পুলিশ।

নাজিয়া খান বলেন, এই মামলায় অভিষেককে নিজের বক্তব্য নথিভুক্ত করতে হবে। তিনি যদি শুক্রবার থানায় হাজির না হন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। তাঁর কথায়, অভিষেককে শাস্তি না দেওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে। অন্যদিকে, থানার বাইরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী। তাঁর দাবি, আগে থেকেই আশঙ্কা ছিল যে বিজেপির কিছু কর্মী সেখানে এসে গোলমাল পাকানোর চেষ্টা করবেন। বাস্তবে সেটাই ঘটছে বলে অভিযোগ করেন তিনি। উপাসনার আরও দাবি, তৃণমূল কর্মীরা পালটা স্লোগান দিতে চান না। অভিষেককে বারবার নিশানা করা হলেও তিনি ভয় পাননি, তাঁর দলের কর্মীরাও ভয় পান না। ভয় দেখিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, বিজেপি সমর্থক সুশীল পাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, গত ১৫ বছর ধরে রাজ্যে চুরি এবং সিন্ডিকেটের কারবার চলছে। কয়লা চুরি থেকে শুরু করে বালিতে সিন্ডিকেট চালানোর অভিযোগও করেন তিনি। তাঁর বক্তব্য, এবার এই ধরনের কাজ বন্ধ হবে। নতুন সরকার মানুষের স্বার্থে এবং স্বচ্ছভাবে কাজ করবে বলেও দাবি করেন তিনি।এর আগে, পুলিশকে নিয়ে বিজেপি নেতাদের পুরনো মন্তব্যের একটি ভিডিও সংকলন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাঁকে গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছিল।

এক্স পোস্টে অভিষেক লেখেন, আগামী দিনে পুলিশকর্মীদের বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার তদন্তেই তাঁকে শুক্রবার থানায় ডাকা হয়েছে। থানায় যাওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতার পুলিশ সম্পর্কে করা পুরনো মন্তব্যগুলি আবার সামনে আনতে চান তিনি। সেই কারণেই একটি ভিডিও সংকলন প্রকাশ করেছেন বলে জানান তৃণমূল সাংসদ। পোস্টে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকেও ট্যাগ করেন তিনি।