ফের কি অগ্নিগর্ভ বাংলাদেশ? একের পর এক হামলা, জ্বলছে বাড়ি-থানা!

দুবছর আগে গণ-অভ্যুত্থানের সাক্ষী থেকেছে বাংলাদেশ। যে আন্দোলনের মধ্য দিয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার সমীকরণ। সেই বাংলাদেশেই কি ফিরে আসছে অস্থিরতার পুরনো ছবি? একের পর এক অগ্নিসংযোগ,রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা, এমনকি থানাতেও আগুন। রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, নাটোর। বিভিন্ন জায়গায় উত্তেজনা ক্রমশ বাড়ছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আর এই পরিস্থিতির মধ্যেই চর্চায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা। ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাঁর দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথি চেয়ে করা আবেদনও প্রত্যাখ্যান করেছে বর্তমান সরকার। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হুঁশিয়ারি, বিএনপির পাল্টা রাজনৈতিক কর্মসূচি, জামায়াতে ইসলামীর পৃথক অবস্থান ও এনসিপির ভিন্ন কৌশল। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? আর এত হামলার পরেও কেন বলপ্রয়োগের পথে হাঁটতে চাইছে না সরকার? এই ভিডিয়োই পুরো বিষয়টাই তুলে ধরব আপনাদের সামনে।

প্রথমেই ফিরে দেখা যাক গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে।গত ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসতে শুরু করে। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই দলটির দেশজুড়ে লকডাউন কর্মসূচির ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, রাস্তা অবরোধ ও বিভিন্ন স্থানে ভাঙচুরের অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত হয় পুলিশি থানা ও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্নও। এরপর ১৭ নভেম্বর পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকজন আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগও ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। একই রাতে বিএনপি নেতা ও সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতেও আ*গুন লাগানো হয়।

১৮ নভেম্বর ফের উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। বিএনপির আর এক সংসদ সদস্য কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয় ও বাড়িতে হামলার খবর সামনে আসে। বিভিন্ন এলাকায় যানবাহন ও বাড়িঘরেও হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হয়। এরপর ১৯ নভেম্বর, বৃহস্পতিবার। আওয়ামী লীগের দেশজুড়ে লকডাউন কর্মসূচির দিন নতুন করে ভাঙচুরের ঘটনা ঘটে। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলার শিকার হন গোপালগঞ্জ-১ আসনের বিএনপি সাংসদ সেলিমুজ্জামান মোল্লা। তাঁর বাড়িতেও হামলা চালানো হয়। পাশাপাশি গ্রামীণ ব্যাঙ্কের শাখা ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার খবর সামনে আসে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বলে আখ্যা দেন। তাঁর বক্তব্য, এই গোষ্ঠীকে ফের মাথা তুলে দাঁড়াতে দেওয়ার আগেই কঠোরভাবে মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার লালমনিরহাটের জনসভা থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর এমন কড়া বক্তব্যের পরেও কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনই আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে না? প্রথমত, সরকারের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা বজায় রাখা। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে নজরদারি চলছে। পুলিশ ও বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। কয়েকটি জেলার নিরাপত্তা পরিস্থিতিও আরও জোরদার করা হয়েছে।

এবার আসা যাক রাজনৈতিক দলগুলির অবস্থানে।ক্ষমতাসীন বিএনপি শুধু প্রশাসনের উপর নির্ভর করতে চাইছে না। দলীয় নেতৃত্বও রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও জানিয়েছেন, বেআইনি কাজে যুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ও বিএনপি গণতান্ত্রিকভাবে মাঠে সক্রিয় থাকবে।

অন্যদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামীর অবস্থানও যথেষ্ট গুরুত্বপূর্ণ। জামায়াত নিজেদের রাজনৈতিক অবস্থান ও দাবিতে অনড়।জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশজুড়ে সভা, সমাবেশ, মিছিল এবং বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছে। এবার আসা যাক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কথায়। বিএনপি ও জামায়াতের তুলনায় এনসিপি কিছুটা আলাদা কৌশল নিয়েছে। আপাতত আওয়ামী লীগের বিরুদ্ধে আলাদা করে বাংলাদেশজুড়ে কোনও কর্মসূচি নেওয়ার পরিকল্পনা তাদের নেই। এনসিপির বক্তব্য, নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ মোকাবিলা করা মূলত সরকারের দায়িত্ব।